রাজনীতির ইশতেহারে যখন অর্থনীতি আর ক্ষমতার হিসাবই মুখ্য থাকে, তখন ব্যতিক্রমীভাবে সংস্কৃতিকে জাতীয় জীবনের মূল শক্তি হিসেবে তুলে ধরল বিএনপি। রাজধানীর সোনারগাঁও হোটেলে ঘোষিত পাঁচ অধ্যায়ের ইশতেহারের শেষ অধ্যায়ে দলটি স্পষ্ট বার্তা দিল— সংস্কৃতি শুধু বিনোদন নয়, এটি গণতন্ত্র, মুক্ত চিন্তা ও মানবিক সমাজ গঠনের অপরিহার্য ভিত্তি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলছেন, সুস্থ সংস্কৃতিচর্চা ছাড়া টেকসই গণতন্ত্র সম্ভব নয়।
রাজধানীর সোনারগাঁও হোটেলে ইশতেহার ঘোষণার মঞ্চে উঠে তারেক রহমান যে কথাটি সবচেয়ে জোর দিয়ে বললেন, তা হলো— সংস্কৃতি কোনো আলাদা অনুষঙ্গ নয়, এটি জাতির আত্মপরিচয়ের অংশ। বিএনপির ইশতেহারের পঞ্চম অধ্যায়ে শিল্প ও সংস্কৃতিকে গণতান্ত্রিক সমাজের ভিত্তি হিসেবে তুলে ধরে বলা হয়, মুক্ত চিন্তা আর মানবিক রাষ্ট্র গড়তে হলে সংস্কৃতি অঙ্গনের বিকাশ অপরিহার্য। তারেক রহমানের ভাষায়, সংস্কৃতির শক্ত ভিত ছাড়া গণতন্ত্র কেবল একটি কাঠামো হয়েই থেকে যায়।
ইশতেহারে সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অনৈতিক আকাশ সংস্কৃতি ও জাতীয় মূল্যবোধবিরোধী প্রবণতা মোকাবেলায় কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেয় বিএনপি। একই সঙ্গে দেশের ঐতিহ্য ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংগীত, নৃত্য, নাটক, সাহিত্য ও চলচ্চিত্রকে আরও সমৃদ্ধ করার অঙ্গীকার করা হয়। ইতিবাচক বৈশ্বিক সংস্কৃতিকে জাতীয় সংস্কৃতির সঙ্গে সমন্বয়ের কথাও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
জাতীয় ভাবধারা ও গণতান্ত্রিক সংস্কৃতিচর্চাকে উৎসাহিত করার পাশাপাশি অপসংস্কৃতিকে নিরুৎসাহিত করার ঘোষণা রয়েছে ইশতেহারে। মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন চিন্তার বিকাশে যেসব প্রতিবন্ধকতা আছে, তা অপসারণের প্রতিশ্রুতিও দিয়েছে দলটি। শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ বিনোদন ও সংস্কৃতিচর্চার পরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে শিশু কিশোররা ইতিবাচক সংস্কৃতির মধ্য দিয়ে বেড়ে উঠতে পারে।
ভবিষ্যৎ প্রজন্মের সৃজনশীলতা বিকাশে সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি সংস্কৃতি অঙ্গনে অবদানের স্বীকৃতিতেও নতুন উদ্যোগের কথা জানিয়েছে বিএনপি। জাতীয় সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য জাতীয় পদকের পরিসর সম্প্রসারণের পরিকল্পনার কথা তুলে ধরা হয়। একই সঙ্গে শিশু কিশোরদের খেলাধুলা ও বিনোদনের জন্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস শো’ চালুর ঘোষণাও দেন তারেক রহমান। বিএনপির বার্তা স্পষ্ট— সংস্কৃতি হবে রাজনীতির কেন্দ্রেই, প্রান্তে নয়।




