বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (৪ আগস্ট) বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই দল ঘোষণা করা হয়।

ঘোষিত প্রাথমিক স্কোয়াডে সিনিয়রদের পাশাপাশি সুযোগ পেয়েছেন কয়েকজন তরুণ উদীয়মান ক্রিকেটারও। দলের নেতৃত্ব নিয়ে আনুষ্ঠানিক কিছু জানানো না হলেও ধারণা করা হচ্ছে, পূর্ব অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় শীর্ষস্থানীয় খেলোয়াড়দের ওপরই আস্থা রাখবে নির্বাচক প্যানেল।

বিসিবি জানিয়েছে, আগামী ৬ আগস্ট থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ফিটনেস ক্যাম্প। এরপর ১৫ আগস্ট থেকে শুরু হবে স্কিল ট্রেনিং পর্ব। পুরো প্রস্তুতি প্রক্রিয়ার তৃতীয় ধাপে ক্যাম্পটি ২০ আগস্ট থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্থানান্তরিত হবে।

এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের। যদিও এখনো আনুষ্ঠানিক সূচি ঘোষণা করা হয়নি, তবে বিসিবি সূত্রে জানা গেছে সিরিজটি ২৬ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। এটি নেদারল্যান্ডসের প্রথম বাংলাদেশ সফর হিসেবেও বিবেচিত হচ্ছে।

এদিকে চলতি মাসে ভারতের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ স্থগিত হয়ে যাওয়ায়, এশিয়া কাপের প্রস্তুতিতে ঘাটতি পুষিয়ে নিতে ডাচদের বিপক্ষে এই সিরিজের পরিকল্পনা করেছে বিসিবি।

এশিয়া কাপের প্রাথমিক টি-টোয়েন্টি দল:
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাইম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, মাহেদি হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান।