বাংলাদেশ সরকার ব্যাংকিং ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে নির্দিষ্ট কিছু ব্যাংকিং ও আর্থিক সেবা পেতে হলে গ্রাহকদের সংশ্লিষ্ট অর্থবছরের আয়কর রিটার্ন জমা দিতে হবে। সম্প্রতি এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এরপর বাংলাদেশ ব্যাংক সব তফসিলি ব্যাংককে সার্কুলারের মাধ্যমে বিষয়টি জানিয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, কেউ যদি ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত রাখেন কিংবা ২০ লাখ টাকার বেশি ঋণ নিতে চান, তাহলে তাঁকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হবে। একই নিয়ম প্রযোজ্য হবে ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রেও। তবে শুধু এই তিনটি নয়—মোট ২৪টি ব্যাংকিং ও আর্থিক সেবার ক্ষেত্রেই এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে।
গেজেটে আরও বলা হয়েছে, এসব আর্থিক লেনদেন ও কার্যক্রমের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল না করলে সংশ্লিষ্ট ব্যাংক বা কর্তৃপক্ষ সেবা দিতে বাধ্য থাকবে না। এতে জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ, আমদানি-রপ্তানি নিবন্ধন সনদ, ট্রেড লাইসেন্স বা পেশাজীবী লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া ড্রাগ লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, অগ্নিনির্বাপণ ছাড়পত্র, ট্রলার ও নৌযানের সার্ভে সার্টিফিকেট, এমনকি স্কুলে শিশুর ভর্তি কিংবা আগ্নেয়াস্ত্র লাইসেন্স নেওয়ার মতো কার্যক্রমেও রিটার্ন দাখিলের প্রমাণ লাগবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, সরকারের দেওয়া গেজেট অনুসারে খুব শিগগির সার্কুলার জারি করা হবে। তিনি বলেন, “১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত ও ২০ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রেই মূলত রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে।”
সরকারের এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে করজাল সম্প্রসারণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। গেজেটে বলা হয়েছে, দ্বৈত কর পরিহার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে দেশীয় আইন আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে।
সরকার আশা করছে, নতুন নিয়মের ফলে আয়কর রিটার্ন দাখিলে আগ্রহী হবেন আরও বেশি মানুষ এবং দেশে করসচেতনতা বাড়বে।




