বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) কমানোর বিষয়ে শিগগিরই ইতিবাচক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, চলতি সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহের শুরুতে ওয়াশিংটন এ–সংক্রান্ত ঘোষণা দিতে পারে।
তিনি বলেন, বর্তমানে বিদ্যমান ২০ শতাংশ শুল্ক কতটা কমানো হবে তা এখনও স্পষ্ট নয়। তবে আমেরিকা আন্তরিকভাবে বিষয়টি বিবেচনা করছে। দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে আলোচনায় এ বিষয়ে অগ্রগতি হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি এবং বাণিজ্য ঘাটতি কমে আসায় আমেরিকা বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব দেখাচ্ছে।
এ সময় তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্ভাব্য মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়েও কথা বলেন। ইইউ কমিশনারদের সঙ্গে আলোচনায় বাংলাদেশ এফটিএ স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেছে। তবে ইইউ বর্তমানে ভারতের সঙ্গে এফটিএ নিয়ে কাজ করছে এবং পরবর্তীতে ভিয়েতনামের দিকে অগ্রসর হতে পারে। এতে বাংলাদেশের জন্য কিছুটা চ্যালেঞ্জ তৈরি হলেও আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন লুৎফে সিদ্দিকী।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, আমেরিকার শুল্ক কমানোর সিদ্ধান্ত বাংলাদেশের বাণিজ্য সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় সুবিধা এনে দেবে।




