আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এনবিআরের উপসচিব স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ সময় বাড়ানো হয়। এর আগে রিটার্ন দাখিলের শেষ সময়সীমা ছিল ৩০ নভেম্বর। পরে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এরপর আবার সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়েছিল। সর্বশেষ বিশেষ আদেশে তৃতীয় দফায় আরও এক মাস সময় বাড়ানো হলো।
দেশে বর্তমানে প্রায় ১ কোটি ১৫ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এনবিআরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৩৪ লাখ টিআইএনধারী রিটার্ন জমা দিয়েছেন। এবার কিছু ব্যতিক্রম ছাড়া সবাইকে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে।
অনলাইনে রিটার্ন জমা দেওয়ার নিয়ম
করদাতাদের এনবিআরের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন শেষে পাসওয়ার্ড দিয়ে লগইন করে রিটার্ন জমা দেওয়া যাবে। অনলাইনে রিটার্ন দাখিলের সময় কোনো কাগজপত্র আপলোড করতে হয় না, তবে প্রদত্ত তথ্যের কাগজপত্র সংরক্ষণ করতে হবে। ভবিষ্যতে নিরীক্ষা বা প্রয়োজনে এসব কাগজপত্র দেখাতে হতে পারে।
ঘরে বসেই কর পরিশোধ করা যাবে ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে।
এনবিআরের এই সিদ্ধান্তে করদাতারা আরও কিছুটা সময় পেলেন রিটার্ন দাখিলের জন্য। তবে কর কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে আইন অনুযায়ী জরিমানা ও শাস্তির মুখোমুখি হতে হবে।




