বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ছেলেকে নিয়ে নিউ ইয়র্কে ঘুরছেন শাকিব, আছেন বুবলীও

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান বর্তমানে অবস্থান করছেন আমেরিকার নিউ ইয়র্কে। কিছুদিন আগেই তিনি সেখানে পাড়ি জমান। এরপর থেকে গুঞ্জন ছিল, তার ছেলে শেহজাদ খান বীরকে সময় দিতে বুবলীও আমেরিকায় যাচ্ছেন। যদিও বিষয়টি গোপনই ছিল, অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো।

সম্প্রতি নিউ ইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডের এক পার্কে একসঙ্গে দেখা গেছে শাকিব, বুবলী ও তাদের ছেলে বীরকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়—একটি কালো গাড়ি থেকে একসঙ্গে নামছেন তারা তিনজন। শাকিবের হাত ধরে হাঁটছে ছোট্ট বীর, পেছনে রয়েছেন বুবলী।

 

 

ধারণা করা হচ্ছে, জনাকীর্ণ বাঙালি অধ্যুষিত এলাকা এড়িয়ে নিরিবিলি সময় কাটাতেই রুজভেল্ট আইল্যান্ড বেছে নিয়েছেন তারা। এই সফরে বাবা-ছেলের একান্ত সময় কাটানোর পাশাপাশি পারিবারিক কিছু মুহূর্তও উপভোগ করছেন শাকিব ও বুবলী।

এর আগে, বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়েও আমেরিকা সফরে গিয়েছিলেন শাকিব খান। সে সময় নিউ ইয়র্ক থেকে শুরু করে নায়াগ্রা পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরেছেন তারা। শাকিব বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।’

তিনি আরও জানিয়েছিলেন, সুযোগ পেলে ছোট ছেলে শেহজাদ খান বীরকেও একইরকম সুন্দর স্মৃতি উপহার দিতে চান।

 

 

দুই বছর পর সেই ইচ্ছাটিই এবার বাস্তবায়িত হলো বীরের ক্ষেত্রে। ছোট ছেলে বীরের জন্যও তৈরি হচ্ছে নতুন স্মৃতি।

এদিকে, চলতি মাসের শেষের দিকে দেশে ফিরবেন শাকিব খান। দেশে ফিরেই শুরু করবেন নতুন সিনেমার শুটিং। তবে তার আগে কিছুদিন ছেলেকে সময় দিতে চান এই তারকা বাবা।