আমেরিকার তুলা দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে শুল্ক ছাড় পাবে বাংলাদেশ—এমনটা জানিয়েছে পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি জানিয়েছে, ৩১ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী, যদি পোশাকে অন্তত ২০ শতাংশ আমেরিকান কাঁচা তুলা ব্যবহার করা হয়, তবে অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক মওকুফ হবে। এতে উৎপাদন খরচ কমবে এবং রপ্তানিতে বাংলাদেশ প্রতিযোগিতামূলক অবস্থান নিতে পারবে। এ সুবিধা বাস্তবায়নে ইউএস কাস্টমসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ চালিয়ে যাচ্ছে বিজিএমইএ।
শনিবার (২ আগস্ট) বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এসব তথ্য জানান।
মাহমুদ হাসান খান বলেন, ‘আমরা ট্রাম্পের নির্বাহী আদেশে বিষয়টি পেয়েছি। এরপরই আরও বিস্তারিত ব্যাখ্যার জন্য ইউএস প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। ইউএস কাস্টমস যাতে বিষয়টির বাস্তবায়ন করে, সেটা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। কারণ, আমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এতে আমাদের উৎপাদন খরচও কমানো সম্ভব হবে। ইউএস তুলার দামও কমে আসবে।’
বিজিএমইএ সভাপতি বলেন, ‘আমাদের আমেরিকায় রপ্তানির প্রায় ৭৫ শতাংশ হচ্ছে তুলাভিত্তিক পোশাক। আমেরিকার শুল্ক-সংক্রান্ত নির্বাহী আদেশে বলা আছে, যদি ন্যূনতম ২০ শতাংশ আমেরিকার কাঁচামাল (যেমন—আমেরিকার তুলা) ব্যবহার করা হয়, তাহলে এই অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে না। অর্থাৎ আমেরিকার কাঁচামাল ব্যবহার করলে আমরা বাড়তি কিছু শুল্ক ছাড় পাব।’
বিজিএমইএ সভাপতি আরও বলেন, ‘আমাদের আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। কারণ, আমেরিকার সর্বশেষ নির্বাহী আদেশে স্পষ্ট বলা আছে, কিছু দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য বা নিরাপত্তা চুক্তি আলোচনা এখনো চলমান রয়েছে, যেগুলো সম্পাদিত হলে এসব দেশের শুল্ক আরও কমতে পারে। তাই বাংলাদেশকে আলোচনা চালিয়ে যেতে হবে।’




