বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বাংলাদেশের ওপর আমেরিকার শুল্ক ২০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন এই সিদ্ধান্ত শুক্রবার, ১ আগস্ট থেকে কার্যকর হবে।

নতুন এ আদেশে বাংলাদেশসহ ৭০টিরও বেশি দেশের ওপর আমদানি শুল্ক আরোপ করা হয়েছে। দেশভেদে এই শুল্কের হার ১০ থেকে ৪১ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের এপ্রিল মাসে ট্রাম্প প্রশাসন বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করে, যা পরে তিন মাসের জন্য স্থগিত রাখা হয়। পরবর্তীতে আলোচনার সুযোগ দিয়ে তা ৩৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়। শেষ পর্যন্ত ১৫ শতাংশ হ্রাস করে ২০ শতাংশ হার চূড়ান্ত করা হলো।

শুল্ক আরোপ নিয়ে প্রতিক্রিয়ায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, “২০ শতাংশ শুল্ক আরোপ করায় আমেরিকায় আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হবার আশঙ্কা নেই। আমরা এখনো প্রতিযোগিতামূলক সুবিধায় আছি। তবে আমাদের প্রত্যাশা ছিল ২০ শতাংশের নিচে কোনো হার।”

এই সিদ্ধান্তের আগে আমেরিকা সফরে থাকা বাংলাদেশের একটি প্রতিনিধিদল তিন দিনব্যাপী বৈঠক করেছে দেশটির বাণিজ্য প্রতিনিধি দপ্তর-এর সঙ্গে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এছাড়াও প্রতিনিধি দলে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।

বিশ্লেষকদের মতে, এই নতুন শুল্ক হার বাংলাদেশের জন্য তুলনামূলকভাবে সহনীয় এবং রপ্তানিকারকদের জন্য আমেরিকার বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করতে পারে।

একই আদেশে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা দেশটির রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য ও সামরিক সম্পর্ক এবং ব্রিকস জোটে সক্রিয় অংশগ্রহণের জের হিসেবেই নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে পাকিস্তানের ওপর শুল্ক কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে, যা পূর্বে ছিল ২৯ শতাংশ।