বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ডলি জহুরের অভিযোগ “৩৪ লাখ টাকার পারিশ্রমিক আজও পাইনি”

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেত্রী ডলি জহুর দীর্ঘ অভিনয় জীবনের শেষ প্রান্তে এসে গভীর আক্ষেপ প্রকাশ করেছেন পারিশ্রমিক বকেয়া থাকার বিষয়ে।

গত ৩০ জুলাই সাংবাদিকদের সঙ্গে উত্তরার নিজ বাসভবনে কথা বলেছেন ডলি জহুর। সে সময় তিনি আক্ষেপ প্রকাশ করে বলেছেন, সিনেমা ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেওয়ার সময় তার প্রায় ৩৪ লাখ টাকা পারিশ্রমিক পাওয়া বাকি ছিল, যা আজও পরিশোধ করা হয়নি।

২০১১ সালে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেয়ার সময় তার স্বামী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সেই সময় অর্থের তীব্র সংকটে পড়েন তিনি। অনেক পরিচালকের কাছে পাওনার কথা স্মরণ করিয়ে দিলেও, কেউ তার সহায়তায় এগিয়ে আসেননি।

ডলি জহুর বলেন, “চোখে পানি নিয়ে বলেছিলাম, একটু টাকা দিলে স্বামীর চিকিৎসা চালাতে পারি। কিন্তু কেউ সাহায্য করেনি।”

তিনি আরও জানান, যাদের কাছে টাকা পাওনা ছিল, তাদের মধ্যে কেউ কেউ যোগাযোগই বন্ধ করে দেন। আর কেউ কেউ চূড়ান্তভাবে প্রতিশ্রুতি দিয়েও টাকা দেননি। যদিও কেউ কেউ সামান্য কিছু টাকা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই প্রবীণ অভিনেত্রী।

এছাড়া ডলি জহুর অভিযোগ করেন, মা‑খালা চরিত্রে দীর্ঘদিন কাজ করলেও তিনি ইন্ডাস্ট্রিতে তারকাদের মতো মর্যাদা বা পারিশ্রমিক পাননি। “আমরা যারা মা‑খালা চরিত্রে অভিনয় করি, কোনো দিনই সম্মান পাইনি,”— বলেন তিনি।

চলচ্চিত্র অঙ্গনে ডলি জহুরের অবদান অনস্বীকার্য হলেও, তাঁর এই আক্ষেপ বর্তমান প্রজন্মের কাছে এক দৃষ্টান্ত হয়ে থাকলো—কীভাবে গুণী শিল্পীরা শেষ জীবনে আর্থিক ও সামাজিকভাবে অবহেলিত হন।

তার প্রশ্ন—“শিল্পের জন্য জীবন দিলাম, বিনিময়ে কি পেলাম?”

কয়েক দিন আগেই জীবনের ৭০তম বছরে পা দিয়েছেন বরেণ্য অভিনেত্রী ডলি জহুর। আক্ষেপ ভুলে তিনি বলেন, “সারাটা জীবন শুধু অভিনয়ই করে গেছি। যখন যে কাজ পেয়েছি, মন দিয়ে করার চেষ্টা করেছি। কখনো ভাবিনি কত সম্মানী পাব, শুধু ভেবেছি চরিত্রটা যেন ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে পারি।” তিনি আরও জানান, কোটি কোটি মানুষের ভালোবাসাই তার প্রাপ্তি। “আমি শুধু অভিনয় করেই মানুষের ভালোবাসা পেয়েছি। অভিনয় ছাড়া আর কিছু পারি না, তাই এখনও অভিনয় করতেই ভালো লাগে”— বলেন এই গুণী শিল্পী।

২০২১ সালে ডলি জহুরকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে। ‘শঙ্খনীল কারাগার’ ও ‘ঘানি’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি।