দীর্ঘ ৩৭ বছর পর আবারও ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন বাংলাদেশের দুই সাঁতারু—নাজমুল হক হিমেল ও মাহফিজুর রহমান সাগর।
২৯ জুলাই (মঙ্গলবার) স্থানীয় সময় ভোরে সাঁতার শুরু করে তাঁরা টানা ১২ ঘণ্টা ১০ মিনিট ধরে সাঁতরে এই ঐতিহাসিক চ্যানেল অতিক্রম করেন।
যুক্তরাজ্যের ডোভারে শেক্সপিয়ার বিচ থেকে শুরু করে সাঁতার শেষ করেন প্রায় ৩৭ কিলোমিটার দূরে অবস্থিত ফ্রান্সের কাপ গ্রিস নিস বিচে।
বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন জানিয়েছেন, গত মাসের শুরুর দিকে দুজনই লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ইংল্যান্ডের ডোভার অঞ্চলে পৌঁছে তাঁরা অন্তত ১০ দিন ধরে কনকনে ঠাণ্ডা পানিতে কঠোর অনুশীলন করেন। এরপরই সুযোগ পান চ্যানেল পাড়ি দেওয়ার।
এই অভিযান পরিচালনা করে ইংলিশ চ্যানেল ক্রসিংয়ের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান ‘চ্যানেল সুইমিং অ্যাসোসিয়েশন’। তাদের অনুমোদন ও নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থার আওতায় একাধিক নৌযান ও কর্মকর্তার উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয় এই অভিযান।
ইংলিশ চ্যানেলের পানির তাপমাত্রা সাধারণত ১৫ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, যা সাঁতারুদের জন্য চরম শারীরিক সহ্যশক্তির পরীক্ষা। ঠাণ্ডা পানি, প্রবল স্রোত ও বিপরীত বাতাসের মধ্যেও হিমেল ও সাগর এই চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশের সাঁতার ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন।
এর আগে মাত্র তিনজন বাংলাদেশি সাঁতারু এই চ্যানেল পাড়ি দিতে পেরেছিলেন। প্রথম ছিলেন কিংবদন্তি ব্রজেন দাস, যিনি ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে ছয়বার ইংলিশ চ্যানেল অতিক্রম করেন এবং একবার সবচেয়ে কম সময়ে চ্যানেল পাড়ি দেওয়ার রেকর্ডও গড়েন। এরপর ১৯৬৫ সালে আবদুল মালেক ও ১৯৮৭ সালে মোশাররফ হোসেন এই সাফল্য অর্জন করেন।
নতুন প্রজন্মের হিমেল ও সাগরের এই অর্জন শুধু ক্রীড়াজগতের জন্য নয়, গোটা জাতির জন্যই গর্বের বিষয়। সাঁতারুদের এই সাফল্যে দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সঞ্চার হয়েছে।




