বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আমেরিকার পাল্টা শুল্কে প্রবৃদ্ধি হারাতে পারে বাংলাদেশ : এডিবি সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার নতুন পাল্টা শুল্ক ব্যবস্থার প্রভাবে বাংলাদেশের রপ্তানি খাত বড় ধরনের ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি জানিয়েছে, এই শুল্কের প্রভাব শুধু রপ্তানি বা শিল্পখাতেই নয়, অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধিতেও পড়বে।

এডিবি তার সদ্য প্রকাশিত ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (জুলাই সংস্করণ)’ প্রতিবেদনে জানায়, আমেরিকার শুল্কের কারণে বাংলাদেশের রপ্তানি ও ম্যানুফ্যাকচারিং খাতের প্রবৃদ্ধি হ্রাস পেতে পারে, যার প্রভাব ২০২৫–২৬ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধিতেও দেখা যাবে।

এপ্রিল মাসে প্রকাশিত পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫.১ শতাংশ হতে পারে। তবে নতুন শুল্ক বাস্তবায়িত হলে এই হার আরও কমে আসতে পারে বলে সতর্ক করেছে এডিবি।

চলতি বছরের এপ্রিল মাসে ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। তখন বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক ধার্য করা হয়, যা পরে কমিয়ে ৩৫ শতাংশে আনা হয়। এই শুল্ক ১ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এতে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যে মোট শুল্ক দাঁড়াতে পারে প্রায় ৫০ শতাংশ।

বাংলাদেশ সরকার এই শুল্ক হ্রাসে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর-কষাকষি চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত অর্থবছরে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে, যা বৈশ্বিক পণ্যমূল্যের স্থিতিশীলতা এবং দেশের কড়াকড়ি আর্থিক ও রাজস্বনীতির ফল। এ কারণে ২০২৫–২৬ অর্থবছরের মূল্যস্ফীতি ৮ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে এডিবি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, ২০২৪ সালের জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি ৮.৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০২২ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন। যদিও গত এক বছরে খাদ্য মূল্যস্ফীতি কয়েক মাস ধরে ১০ শতাংশের বেশি ছিল এবং ২০২৪ সালের জুলাইয়ে ১৪.১০ শতাংশে উঠে যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের মতে, এই উচ্চ হারে শুল্ক কার্যকর হলে রপ্তানি হ্রাস পাবে, বিদেশি বাজারে প্রতিযোগিতা কমবে এবং অর্থনীতির উপর সার্বিক নেতিবাচক প্রভাব পড়বে।

বিশেষ করে তৈরি পোশাক খাত, যা বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় অংশ, তা বড় ধরনের ধাক্কা খেতে পারে। এতে বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি আয় হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে।

আমেরিকার পাল্টা শুল্ক এবং রপ্তানি ঝুঁকি সামাল দিতে বাংলাদেশের সামনে এখন কূটনৈতিক ও অর্থনৈতিক—দুই দিক থেকেই কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা।