বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বাপ্পার গিটারে রেনেসাঁর গান, বিষণ্ন হৃদয়ের সান্ত্বনা ‘আজ যে শিশু’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুল ও কলেজ ভবনে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অশ্রুসিক্ত হৃদয়ে সেই বেদনার স্রোতে ভেসে যাচ্ছেন দেশের মানুষ। ব্যতিক্রম নন সংগীতশিল্পী বাপ্পা মজুমদারও।

শিশুদের মৃত্যু আর আহত হওয়ার করুণ খবর যেন তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছে প্রতিটি মুহূর্তে। অন্য সবার মতো তিনিও পার করছেন ঘুমহীন রাত। নিহত-আহত শিশুদের কথা ভেবে তাঁর হৃদয়েও হচ্ছে রক্তক্ষরণ।

এ বিষণ্ন অনুভব থেকেই শিশুদের জন্য রচিত বিখ্যাত গান ‘আজ যে শিশু’ গিটারে কাভার করেছেন শিল্পী। এটি ব্যান্ড ‘রেনেসাঁ’র অ্যালবাম ‘তৃতীয় বিশ্ব’ [১৯৯৪]-এর গান। শহীদ মাহমুদ জঙ্গির কথায় গানটির সুর করেছিলেন পিলু খান। এ গানে শিশুদের জন্য একটি সুন্দর, শান্তিপূর্ণ পৃথিবীর আহবান জানানো হয়েছে।

 

 

গিটার কাভারটি ফেসবুকে পোস্ট করে গানের কথা উল্লেখ করেই বাপ্পা লিখেছেন,
“আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে
আমরা তার তরে একটি সাজানো বাগান চাই” …… !!
জঙ্গি ভাইয়ের অনবদ্য লেখা, পিলু ভাইয়ের অনবদ্য সুর আর গায়ন, রেনেসাঁর সংগীতায়োজন … !!!
অথচ কি নর্মম এক ঘটনা আমরা দেখলাম …।
এই শিশুদের আমরা কি দিলাম …।।
রাতে ইদানীং ঘুম তেমন একটা হয় না … বাচ্চাগুলোকে জাপটে ধরি …। আর ভাবি … সেই বাচ্চাগুলোর কথা … ওদের বাবা মা এর কথা …। কি ভয়াবহ … কি ভয়াবহ … !!
ওদের ভেবে রেনেসাঁ র এই গানটাই রাত জেগে বাজাই …
আর ভাবি … “প্রতিটি শিশু ফুলেল হোক … আলোর ঝর্না ধারায় …” !!!

সামাজিক মাধ্যমে শেয়ার করা গানটির প্রতিটি শব্দে, প্রতিটি সুরে বাজে না বলা কষ্ট, নিরব কান্না আর একটা প্রশ্ন—শিশুরা এমন ট্র্যাজেডির শিকার হবে কেন?

বাপ্পা নিজেও দুই কন্যার পিতা। তাই মাইলস্টোনের নির্মম দুর্ঘটনায় শিশুদের জন্য তাঁর হৃদয় আরো বেশি ভার হয়ে আছে।