বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

শ্রদ্ধা ও ভালোবাসায় হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (১৯ জুলাই) নানা আয়োজনে পালন করা হয়েছে। ভোর থেকেই গাজীপুরের নুহাশপল্লীতে ভক্তদের ভিড় দেখা যায়। পরিবার, শুভানুধ্যায়ী এবং অনুরাগীদের উপস্থিতিতে মিলাদ মাহফিল ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় করে তোলা হয়।

সকালে হুমায়ূন আহমেদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। উপস্থিত ছিলেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন এবং দুই সন্তান নিনিত ও নিশাদ। ভক্তদের অনেকেই এসেছিলেন তার বিখ্যাত চরিত্র ‘হিমু’ ও ‘রুপা’র আদলে—হলুদ পাঞ্জাবি ও নীল শাড়ি পরে।

হুমায়ূন আহমেদের প্রিয় নুহাশপল্লীতে মীরা রূপা হিমুদের হাতে ছিল রংবেরঙের ফুল। ফুল নিয়ে দলে দলে প্রবেশ করছেন ভক্ত-শুভানুধ্যায়ীরাও। কেউ সমাধিতে ফুল রেখে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, কেউ অশ্রুসিক্ত চোখে দুই হাত তুলে মোনাজাত করছেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁদেরকে দল বেঁধে ঘুরতে দেখা গেছে সবুজ চত্বর, ঔষধি গাছের বাগান, বৃষ্টি বিলাস, ভূত বিলাস, লীলাবতী দিঘি, মৎস্যকুমারী লেকে।

মেহের আফরোজ শাওন বলেন, “প্রতিবছর এই দিনটি আমাদের জন্য বেদনার হলেও, ভক্তদের ভালোবাসায় তা সাহসের হয়ে ওঠে। হুমায়ূন আহমেদের লেখা এখন শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিকভাবেও ছড়িয়ে পড়ছে।”

তিনি জানান, “হুমায়ূন আহমেদের জনপ্রিয় বইগুলো খুব শিগগিরই পেঙ্গুইন পাবলিকেশনস-এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রকাশ পাবে। এ ছাড়া তার কিছু অপ্রকাশিত লেখা সংরক্ষণ করা হয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য।”

নন্দিত লেখকের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে অন্য প্রকাশের প্রধান নির্বাহী মো. মাজহারুল ইসলাম বলেন, “স্যার নেই ১৩ বছর। কিন্তু তাঁর বইয়ের চাহিদা এখনো আগের মতোই অটুট। গত বইমেলা এবং তার আগের মেলায়ও বিক্রির শীর্ষে ছিল স্যারের বই।”

নুহাশপল্লীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় স্থানীয় পর্যায়ে পাঠক ও ভক্তদের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাহিত্য পাঠের অনুষ্ঠান। বিভিন্ন টেলিভিশন চ্যানেল, অনলাইন প্ল্যাটফর্ম এবং রেডিও চ্যানেলগুলো দিনব্যাপী প্রচার করেছে হুমায়ূন আহমেদকে নিয়ে বিশেষ অনুষ্ঠান।

এদিকে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে বিশেষ নাটক প্রচার করতে যাচ্ছে আমেরিকার বাংলা টেলিভিশন চ্যানেল এটিভি ইউএসএ এবং ইউটিউব প্ল্যাটফর্ম ‘এটিভি ইউএসএ ড্রামা’।

‘গল্প যখন জীবিত’ নামের এই বিশেষ নাটকটি প্রচার হবে নিউ ইয়র্ক সময় অনুযায়ী ১৯ জুলাই, শনিবার রাত ৯টায় এবং বাংলাদেশ সময় অনুযায়ী ২০ জুলাই, রবিবার সকাল ৭টায়।

হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে ‘নন্দিত নরকে’ উপন্যাস প্রকাশের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে তার আত্মপ্রকাশ ঘটে। নাটক, চলচ্চিত্র, ছোটগল্প, বিজ্ঞানকল্পকাহিনি ও শিশুসাহিত্যে তার অবদান অনন্য।

২০১২ সালের ১৯ জুলাই নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন এই সাহিত্যিক। মৃত্যুর পর তাকে তার প্রিয় স্থান, গাজীপুরের নুহাশপল্লীতে সমাহিত করা হয়।