বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

লিড সনদ পেল বাংলাদেশের আরও ৩টি আরএমজি কারখানা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে আরও তিনটি কারখানা যুক্ত হয়েছে লিড সনদপ্রাপ্তদের তালিকায়। পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদনের মানদণ্ডে অর্জিত এ স্বীকৃতি বাংলাদেশের আরএমজি খাতকে আন্তর্জাতিক অঙ্গনে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।

স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো: কমফিট রেইনবো ডাইং অ্যান্ড ফিনিশিং, হবিগঞ্জ মাধবপুর সাইহাম নগরের সাইহাম কটন মিলস লিমিটেড ইউনিট ১ এবং সাইহাম কটন মিলস লিমিটেড ইউনিট ২।

শনিবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রীন বিল্ডিং সনদ প্রদানকারী যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC) এই সনদ প্রদান করে থাকে। বাংলাদেশের প্রথম লিড সনদপ্রাপ্ত কারখানা ছিল ভিন্টেজ ডেনিম স্টুডিও লিমিটেড, যা সর্বোচ্চ গ্রেড লিড প্লাটিনাম অর্জন করে বিশ্বে আলোড়ন তোলে।

বিজিএমইএ’র তথ্য অনুুযায়ী, বাংলাদেশে বর্তমানে লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা ২৫৩। তার মধ্যে ১০৫টি লিড প্ল্যাটিনাম সনদধারী। এ ছাড়া ১৩২টি গোল্ড, ১২টি সিলভার ও ৪টি কারখানা সার্টিফায়েড সনদ পেয়েছে।

বিজিএমইএ নেতারা মনে করছেন, টেকসই শিল্প গঠনে এই অর্জন বিদেশি ক্রেতাদের আস্থা বাড়াবে এবং দেশের পোশাক খাতকে ভবিষ্যতের পরিবেশবান্ধব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাবে।

ইউএসজিবিসি পরিবেশবান্ধব সনদ (লিড সনদ) পাওয়ার ৯টি শর্ত পরিপালনে মোট ১১০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০ এর বেশি পেলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ পেলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ নম্বর পেলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ নম্বর পেলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেওয়া হয়।

টাঙ্গাইল মির্জাপুরের কমফিট রেইনবো ডাইং অ্যান্ড ফিনিশিং ৭৫ নম্বর নিয়ে গোল্ড সনদ এবং হবিগঞ্জ মাধবপুর সাইহামনগরের সাইহাম কটন মিলস লিমিটেড ইউনিট ১ ও ২ এই দুটি প্রতিষ্ঠান ৫৮ নম্বর নিয়ে সিলভার সনদ অর্জন করেছে।

বিশ্বের শীর্ষস্থানীয় ১০ পরিবেশবান্ধব কারখানার ৯টিই বাংলাদেশে। এছাড়া বিশ্বের ১০০টি পরিবেশবান্ধব সবুজ কারখানার মধ্যে ৬৮টি অর্থাৎ অর্ধেকের বেশি কারখানা বাংলাদেশে।