আমেরিকায় উৎপাদিত কোকা-কোলা পণ্যে এখন থেকে খাঁটি আখের চিনি ব্যবহারের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি—এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট দিয়ে দাবি করেন, কোকা-কোলা কর্তৃপক্ষ তার অনুরোধে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে।
বর্তমানে আমেরিকায় কোকা-কোলার পানীয় তৈরিতে হাই-ফ্রুকটোজ কর্ন সিরাপ ব্যবহার করা হয়, যা একটি বিকল্প মিষ্টিকারক। স্বাস্থ্যঝুঁকির কারণে এটি বহু বছর ধরেই সমালোচিত, বিশেষ করে ‘মেক আমেরিকা হেলদি অ্যাগেন’ আন্দোলনের নেতা রবার্ট এফ. কেনেডি জুনিয়রের পক্ষ থেকে।
ট্রাম্প লিখেছেন, ‘আমি কোকা-কোলার সঙ্গে কথা বলেছি যাতে তারা আমেরিকায় উৎপাদিত কোকে খাঁটি আখের চিনি ব্যবহার করে। তারা এতে সম্মত হয়েছে। এটি একটি চমৎকার পদক্ষেপ হবে।’ যদিও তিনি ব্যাখ্যা করেননি, এই পরিবর্তন তার প্রিয় পানীয় ডায়েট কোক-এ প্রযোজ্য কি না।
হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প ওভাল অফিসে আবার সেই বিখ্যাত বোতামটি বসিয়েছেন, যা চাপলেই তার জন্য ডায়েট কোক হাজির করা হয়।
কোকা-কোলা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ট্রাম্পের দাবির সত্যতা নিশ্চিত করেনি। এক সংক্ষিপ্ত বিবৃতিতে তারা জানায়, ‘আমরা আমাদের প্রতীকী কোকা-কোলা ব্র্যান্ড নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের উৎসাহের প্রশংসা করি। শিগগিরই আমাদের পণ্যের নতুন উদ্ভাবনী উপস্থাপনাগুলো সম্পর্কে বিস্তারিত জানানো হবে।’
১৯৭০-এর দশক থেকে কর্ন সিরাপ জনপ্রিয় হয় আমেরিকায়, কর্ন চাষে ভর্তুকি ও আখের চিনির উপর শুল্কের কারণে। এইচএফসিএস ও আখের চিনির (সুক্রোজ) রসায়নগত গঠন ভিন্ন হলেও ওজন বৃদ্ধি বা হৃদরোগের ঝুঁকিতে পার্থক্য খুব সামান্য—তবে কিছু গবেষণায় এইচএফসিএস গ্রহণকারীদের মধ্যে প্রদাহের মাত্রা বেশি দেখা গেছে।
অন্যদিকে, অনেক আমেরিকান ক্রেতা মনে করেন, আখের চিনিতে তৈরি কোক (যেমন: মেক্সিকান কোক) স্বাদে বেশি প্রাকৃতিক, এজন্য বাজারে এর দামও বেশি।
তবে কর্ন সিরাপ বাদ দেওয়ার এই সিদ্ধান্ত মধ্য-পশ্চিমাঞ্চলের কর্ন বেল্ট অঞ্চলে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে, যেখানকার কৃষকরা ট্রাম্পের গুরুত্বপূর্ণ সমর্থক।
ডায়েট কোকে ব্যবহৃত অ্যাসপারটেম নামক বিকল্প মিষ্টিকারক নিয়ে আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা সতর্কতা দিয়েছে, এটিকে সম্ভাব্য ক্যান্সারের কারণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
ট্রাম্পের ঘোষণাকে অনেকেই দেখছেন রাজনৈতিক ও স্বাস্থ্য সচেতনতা—দুইয়ের মিশেলে একটি নতুন ধারা হিসেবে। এখন দেখার বিষয়, কোকা-কোলার এই পরিবর্তন কতটা বাস্তবায়িত হয় এবং এর প্রভাব কতটা গভীরভাবে পড়ে আমেরিকার খাদ্যশিল্প ও রাজনীতিতে।




