বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

শ্রীলংকার বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

শ্রীলংকার মাটিতে ঐতিহাসিক সাফল্য পেল বাংলাদেশ ক্রিকেট দল। স্পিনার মাহেদি হাসান ও ওপেনার তানজিদ হাসানের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা। বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় লিটন দাসের দল।

টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই শ্রীলংকার ব্যাটিং লাইনআপে ধস নামায় বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে কুশাল মেন্ডিসকে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম। এরপর মাহেদি হাসান তার স্পিন জাদুতে টপ অর্ডার একাই ভেঙে দেন। তিনি ফিরিয়ে দেন কুশাল পেরেরা (০), দিনেশ চান্ডিমাল (৪) এবং অধিনায়ক আসালঙ্কা (৩)। হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় থাকা পাথুম নিশাঙ্কাকে ৪৬ রানে ফিরিয়ে শ্রীলংকার বড় স্কোরের স্বপ্ন চুরমার করেন মাহেদি। ক্যারিয়ার সেরা বোলিংয়ে তিনি ৪ ওভারে ১১ রান দিয়ে ৪ উইকেট নেন।

শেষদিকে শানাকা (৩৫*) ও কামিন্দু মেন্ডিসের (২১) ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রান তোলে শ্রীলংকা।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। তবে চাপ সামলে নেতৃত্ব দেন তানজিদ হাসান ও অধিনায়ক লিটন দাস। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ৭৪ রানের জুটি। ২ চার ও ১ ছক্কায় লিটন করেন ৩২ রান। তানজিদ ২৭ বলে তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম ফিফটি। শেষ পর্যন্ত তিনি ৪৭ বলে ৬টি ছক্কা ও ১টি চারে করেন অপরাজিত ৭৩ রান। তার সঙ্গে তাওহিদ হৃদয় (২৫*) ৪৮ রানের জুটি গড়ে ২১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন।

টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়েই এবারের শ্রীলংকা সফর শেষ করল বাংলাদেশ। যদিও দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এবং ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল তারা। তবুও সিরিজ জয়ের মাধ্যমে টাইগারদের জন্য সফর শেষ হলো সাফল্যের রঙে।