বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

প্যারিসে প্রেমের সেতুতে ‘ভালোবাসার তালা’ দিলেন মেহজাবীন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার স্বামী নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীবের প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে ফ্রান্সের ঐতিহাসিক ‘পঁ দে আর্টস’ সেতুতে ‘ভালোবাসার তালা’ ঝুলিয়েছেন। এরপর সেই তালার চাবি ছুড়ে ফেলেছেন সেতুর নিচে বয়ে চলা সাইন নদীতে—ভালোবাসাকে চিরতরে অটুট রাখার প্রতীকী ঘোষণা দিয়ে।

শুক্রবার (১১ জুলাই) নিজের ফেসবুক হ্যান্ডেলে এই রোমান্টিক মুহূর্তের একগুচ্ছ ছবি প্রকাশ করেন মেহজাবীন। ছবিতে দেখা যায়, সেতুর রেলিংয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন তিনি, যার গায়ে লেখা মেহজাবীন ও আদনান আল রাজীবের নাম। পোস্টের ক্যাপশনে সংক্ষেপে লেখা ছিল—‘LOCKED’।

ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত পঁ দে আর্টস সেতুটি যুগলদের ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত। প্রেমিক-প্রেমিকারা এখানে তালা লাগিয়ে চাবি ফেলে দেন নদীতে, যাতে তাদের সম্পর্ক কখনো না ভাঙে—এই বিশ্বাসে। সেই প্রেম-ঐতিহ্য অনুসরণ করে মেহজাবীন-আদনান দম্পতিও তাদের ভালোবাসাকে তালাবন্দি করলেন চিরস্থায়ী প্রতিশ্রুতিতে।

সম্প্রতি মেহজাবীন ইউরোপ সফরের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন। কখনও মিলান, কখনও সুইজারল্যান্ড, আবার কখনও কানে তোলা ছবিতে তিনি ভক্তদের মাতিয়ে রাখছেন। ধারণা করা হচ্ছে, এই সফরেরই কোনো এক সময়ে তারা প্যারিসে গিয়েছেন এবং ঐতিহ্যবাহী সেতুতে ‘লাভ লক’ লাগিয়েছেন।

প্রসঙ্গত, মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের সম্পর্ক নিয়ে বিনোদন অঙ্গনে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল। চলতি বছরের শুরুতে তারা আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এই প্রেম তালা তাদের সম্পর্কের একটি রোমান্টিক ও গভীর প্রতীক হয়ে রইলো, যা ভক্তদের মাঝেও দারুণ আলোড়ন তুলেছে। সামাজিক মাধ্যমে বহু ভক্ত মন্তব্য করেছেন, “সত্যিকারের প্রেম আজও আছে”, “তাদের ভালোবাসা চিরন্তন হোক।”