বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের দ্রুত সম্পূর্ণ টাকা ফেরতের দাবি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাঁদের সম্পূর্ণ টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন। রবিবার (১৮ জানুয়ারি) গুলশানের নাভানা টাওয়ারের সামনে ভুক্তভোগী গ্রাহকরা অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।

বাংলাদেশ ব্যাংক ২০২৪ ও ২০২৫ সালের আমানতের ওপর কোনো মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাঁরা জানান, স্থায়ী আমানতকারীদের সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে এবং গত দুই বছরের মুনাফা কর্তনের সরকারি সিদ্ধান্ত তাঁরা মানবেন না।

আমানতকারীরা অভিযোগ করেন, একীভূত হওয়ার আগে তাঁরা স্বাভাবিকভাবে ব্যাংকে লেনদেন করতে পারতেন। কিন্তু এখন টাকা তুলতে গিয়ে নানা সমস্যায় পড়ছেন। তাঁদের প্রত্যাশা ছিল একীভূত হওয়ার পর লেনদেন সহজ হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। বরং এখন অর্থ উত্তোলন জটিল হয়ে পড়েছে এবং গভর্নরের বক্তব্যে তাঁরা বিভ্রান্ত হচ্ছেন।

মানববন্ধনে অংশ নেওয়া এক গ্রাহক বলেন, “হুটহাট সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষকে অনিশ্চয়তায় ফেলা ঠিক নয়। ব্যাংক লুটকারীদের দায় কোনোভাবেই আমানতকারীদের ওপর চাপানো যাবে না।” তিনি অভিযোগ করেন, যারা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ব্যাংকগুলো ধ্বংস করেছে, তারা শাস্তির বাইরে থেকে যাচ্ছে।

বর্তমানে অনেক গ্রাহক সর্বোচ্চ দুই লাখ টাকা তুলতে পারলেও নতুন নিয়ম ও বিধি-নিষেধের কারণে বাকি অর্থ তুলতে পারছেন না। নিজের কষ্টার্জিত অর্থ ফেরত পেতে গিয়ে নানা জটিলতায় পড়ায় গ্রাহকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।