বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নতুন পে-স্কেল নিয়ে কর্মকর্তাদের ধৈর্য ধরতে বললেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, নতুন পে-স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তাই কর্মকর্তাদের ধৈর্য ধরতে হবে। তিনি জানান, পে-স্কেল ১০–১২ বছর পরপর করা হয় এবং এতে নানা ধরনের হিসাব-নিকাশ জড়িত। এ বিষয়ে কাজ চলছে, প্রতিবেদন দ্রুত পাওয়া যাবে এবং পরে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অর্থ সংকট থাকলেও হতাশ হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেন তিনি।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নাটোরের গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গণভোট প্রসঙ্গে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। অতীতে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে নিজেদের মতো করে সংস্কার করেছে। এবার জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এজন্য গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

গুরুদাসপুর মিনি স্টেডিয়াম প্রসঙ্গে তিনি বলেন, এটি বড় একটি প্রকল্প ছিল এবং একনেকে এ নিয়ে আলোচনা হয়েছে। স্টেডিয়ামের গুণগত মান ভালো হয়েছে, পুরোপুরি প্রস্তুত হলে খেলাধুলা শুরু হবে এবং তখন আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ এবং সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।