ফুটবলপ্রেমীদের জন্য আনন্দের খবর—২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ট্রফি বিশ্বভ্রমণের অংশ হিসেবে এক দিনের জন্য ঢাকায় আসছে। ৩ জানুয়ারি শুরু হওয়া এই বিশ্বভ্রমণে ট্রফি নিয়ে আসছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো ডি সিলভা।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি–বরণ অনুষ্ঠান হবে। এরপর বেলা দেড়টার পর ট্রফি রাখা হবে ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে। সন্ধ্যা পর্যন্ত সেখানে প্রদর্শিত হওয়ার পর বাংলাদেশ ছাড়বে ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞের প্রতীক এই সোনালি ট্রফি। দর্শনার্থীদের জন্য বৈধ টিকিটের প্রমাণপত্র ও কোকা-কোলার ক্যাপ সঙ্গে আনতে হবে।
আয়োজকরা জানিয়েছেন, কোনো দর্শনার্থী ট্রফি স্পর্শ করতে পারবেন না। বিশ্বকাপ ট্রফি স্পর্শ করার অধিকার রয়েছে কেবল বিশ্বকাপজয়ী খেলোয়াড়, যেকোনো দেশের রাষ্ট্রপ্রধান এবং ফিফা সভাপতির।
এর আগে তিনবার বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ট্রফি। ২০০২ সালে প্রথমবার ফিফা বিশ্বকাপ ট্রফি দেশে আসে। তবে সেটি ছিল রেপ্লিকা। এরপর ২০১৩ ও ২০২২ ঢাকায় প্রদর্শিত হয়েছে বিশ্বকাপের আসল ট্রফি।
এবারও ফুটবলপ্রেমীরা কাছ থেকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ পাবেন। কোকা-কোলার উদ্যোগে আয়োজিত এই ট্রফি ট্যুরে ৩০টি ফিফা সদস্যদেশে ভ্রমণ করবে ট্রফি এবং ১৫০ দিনের সফরে ৭৫টি জায়গায় থামবে। কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইনের বিজয়ীরাই ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাবেন।
আগামী ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ট্রফির বিশ্বভ্রমণ শেষ হবে।
এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশে আবারও ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে।




