নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, নির্বাচনের আগে পে স্কেল দেওয়া হবে কি না, তা নির্ভর করছে পে কমিশনের প্রতিবেদনের ওপর।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, কমিশনের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি এবং তারা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
অর্থ উপদেষ্টা বলেন, ২১ সদস্যবিশিষ্ট কমিশন সব দিক বিবেচনায় নিয়ে বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করছে। বিভিন্ন সেবার জন্য পৃথক মতামত ও প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে—বিচার বিভাগ ও প্রতিরক্ষা বিভাগের জন্য আলাদা প্রতিবেদন থাকবে। তিনি ইঙ্গিত দেন, শিগগিরই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হতে পারে, এরপর কমিশন তাদের অনুসন্ধান ও সুপারিশসহ প্রতিবেদন জমা দেবে।
প্রতিবেদন জমাদানের সময়সীমা সম্পর্কে তিনি বলেন, নির্দিষ্ট তারিখ পরে ঘোষণা করা হবে। প্রতিবেদন গ্রহণ এক বিষয়, বাস্তবায়ন আরেক বিষয়। সরকার সতর্কতার সঙ্গে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে।
ড. সালেহউদ্দিন জানান, কমিশন অংশীজনদের মতামত গ্রহণে উন্মুক্ত রয়েছে। অনেকেই লিখিত মতামত দিয়েছেন, কেউ কেউ সাক্ষাৎ করেছেন। সরকার বেতন কাঠামো পুনর্বিন্যাসকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং কমিশনের সুপারিশ যাচাই-বাছাইয়ের পরই সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে দেশের জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, এলপি গ্যাস নিয়ে কাজ চলছে। জ্বালানি সরবরাহ একটি বড় চ্যালেঞ্জ, এ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হচ্ছে।
নির্বাচন উপলক্ষে বডি অন ক্যামেরা কেনার বিষয়ে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অর্থ রয়েছে, সেখান থেকেই কেনা হবে।
এই বৈঠকে অর্থনৈতিক বিষয়ক কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব তথ্য তুলে ধরেন।




