দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা কাটিয়ে ধীরে ধীরে ব্যাংক খাতে মানুষের আস্থা ফিরতে শুরু করেছে। অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, তার ফলে একসময় আতঙ্কে নগদ টাকা তুলে নেওয়া হয়েছিল ব্যাংক থেকে। তবে এখন সেই টাকা আবার ব্যাংকে জমা পড়ছে। এর সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে মুদ্রাবাজারে নগদ টাকার সরবরাহে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা গেছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণ ছিল ২ লাখ ৭৪ হাজার ৭২৪ কোটি টাকা। অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৪৯ কোটি টাকা। অর্থাৎ এক মাসে নগদ টাকা কমেছে প্রায় ৪ হাজার ২৭৪ কোটি। একই সময়ে ছাপানো টাকা বা রিজার্ভ মানিও কমেছে প্রায় ৭ হাজার ৩০৯ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, মানুষের হাতে থাকা নগদ টাকা কমে আসা গ্রাহকদের আস্থা ফিরে আসারই ইঙ্গিত। তিনি বলেন, ‘‘আগে কিছু সমস্যার কারণে মানুষ আতঙ্কে টাকা তুলে নিয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ভয় কাটছে এবং তারা আবার ব্যাংকে টাকা রাখছে।’’
পরিসংখ্যান বলছে, গত এক বছরে নগদ টাকার ওঠানামার প্রবণতা স্পষ্ট। ২০২৪ সালের জুনে মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল ২ লাখ ৯৬ হাজার ৪৫১ কোটি টাকা। এরপর জুলাই থেকে ধারাবাহিকভাবে কমতে থাকে। ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নগদ টাকা কমে দাঁড়ায় ২ লাখ ৭১ হাজার ৪৯৫ কোটি টাকায়। মার্চে সাময়িকভাবে বাড়লেও জুলাইয়ের পর আবার টানা কমতে থাকে।
অর্থনীতিবিদরা মনে করছেন, মানুষের হাতে থাকা টাকা ব্যাংকে ফিরে আসা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক খবর। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘‘টাকা ঘরে পড়ে থাকলে বিনিয়োগ হয় না। ব্যাংকে ফিরলে তা বিনিয়োগ ও ঋণপ্রবাহ বাড়াতে সহায়তা করে।’’ তবে তিনি সতর্ক করে বলেন, আস্থা ধরে রাখতে হলে অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে হবে, ভুয়া ঋণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং পাচার হওয়া টাকা ফেরত আনার উদ্যোগ নিতে হবে।
সব মিলিয়ে, দীর্ঘদিনের সংকট কাটিয়ে ব্যাংক খাতে মানুষের আস্থা ফিরছে। নগদ টাকা ফের ব্যাংকে জমা পড়ায় তারল্য সংকট কমছে এবং অর্থনীতির গতি বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।




