বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আমেরিকায় ২০০ কোটি ডলারের তেল রপ্তানি করবে ভেনেজুয়েলা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলা আমেরিকার কাছে দুই বিলিয়ন (২০০ কোটি) ডলার সমমূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করতে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন। গুরুত্বপূর্ণ এই চুক্তির ফলে ভেনেজুয়েলার তেলের সরবরাহ এখন চীনের বদলে আমেরিকার দিকে ঘুরবে এবং দেশটি বড় ধরনের তেল উৎপাদন হ্রাস এড়াতে সক্ষম হবে।

ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলা নিষেধাজ্ঞার কবলে থাকা তিন থেকে পাঁচ কোটি ব্যারেল তেল আমেরিকার হাতে তুলে দিচ্ছে। এই তেল বাজার দরে বিক্রি করা হবে এবং এর অর্থ তিনি প্রেসিডেন্ট হিসেবে নিয়ন্ত্রণ করবেন। ট্রাম্পের দাবি, এ অর্থ ভেনেজুয়েলা ও আমেরিকার মানুষের কল্যাণে ব্যবহৃত হবে। চুক্তি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকার জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটকে।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ট্রাম্পের দাবির প্রতি সাড়া দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প পূর্বে হুঁশিয়ারি দিয়েছিলেন, হয় আমেরিকার তেল কোম্পানিগুলোর জন্য দেশটিতে ব্যবসার সুযোগ উন্মুক্ত করতে হবে, না হয় সামরিক হস্তক্ষেপের ঝুঁকি নিতে হবে।

গত ডিসেম্বরের মাঝামাঝি থেকে আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার লাখ লাখ ব্যারেল তেল বিভিন্ন ট্যাংকার ও স্টোরেজে আটকে ছিল। এগুলো জাহাজীকরণ করতে পারছিল না দেশটি। এ অবস্থায় নতুন চুক্তি ভেনেজুয়েলার জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

তবে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে গত শনিবার, যখন আমেরিকার বিশেষ বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায়। ভেনেজুয়েলার শীর্ষ কর্মকর্তারা এ ঘটনাকে ‘অপহরণ’ বলে আখ্যায়িত করেছেন এবং আমেরিকার বিরুদ্ধে দেশের বিশাল তেলসম্পদ চুরির চেষ্টার অভিযোগ তুলেছেন।

রয়টার্স জানিয়েছে, আটকে থাকা অপরিশোধিত তেল আমেরিকায় সরবরাহ করতে প্রাথমিকভাবে চীনের দিকে যাওয়ার কথা থাকা কার্গোগুলোকে নতুন করে বরাদ্দ দিতে হতে পারে। গত এক দশকে চীনই ছিল ভেনেজুয়েলার প্রধান তেল ক্রেতা। বিশেষ করে ২০২০ সালে আমেরিকার নিষেধাজ্ঞার পর চীনের গুরুত্ব আরও বেড়েছিল।

এই চুক্তি কার্যকর হলে ভেনেজুয়েলার তেল সরাসরি আমেরিকার বন্দরে পাঠানো হবে। এর মাধ্যমে দেশটির তেল রপ্তানি নতুন মোড় নিতে যাচ্ছে।