ভারতকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক পরিস্থিতিতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে বোর্ড আইসিসির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত বিসিবির সভায় উপস্থিত ১৭ জন পরিচালক সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেন।
চিঠিটি মূলত আইসিসির সিকিউরিটি ইউনিটকে পাঠানো হবে। এতে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে—
১. বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ।
২. মুস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক ঘটনাটি কীভাবে ঘটল এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে করণীয়।
৩. শুধু খেলোয়াড় নয়, দলের কর্মকর্তা, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা বিষয়ে আইসিসির অবস্থান।
বিসিবির এক পরিচালক জানিয়েছেন, বর্তমান বাস্তবতায় নিরাপত্তাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। সুস্পষ্ট নিশ্চয়তা না পাওয়া গেলে ভবিষ্যৎ সিদ্ধান্তে তার প্রভাব পড়তে পারে।
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে দুই দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপের মুখে বিসিসিআই নির্দেশ দেয় কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে। ফলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা এই পেসার কোনো অর্থই পাবেন না, নিয়ম অনুযায়ী পুরো অর্থ ফেরত যাবে ফ্র্যাঞ্চাইজির কাছে। বিষয়টিকে ‘ফোর্স মাজর’ ধারা হিসেবে দেখা হচ্ছে।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েও ভারতে খেলতে না পারলে গোটা দল বিশ্বকাপে অংশ নিতে নিরাপদ মনে করতে পারে না। তিনি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে আইপিএল সম্প্রচার বাংলাদেশে বন্ধ করার আহ্বানও জানিয়েছেন।
সব মিলিয়ে, বিসিবির এই চিঠি শুধু মুস্তাফিজ ইস্যু নয়—বরং ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ ও দুই দেশের ক্রিকেট সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




