বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আয়কর রিটার্ন জমার সময় বাড়লো আরও এক মাস

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) এনবিআরের এক আদেশে জানানো হয়, আয়কর আইন ২০২৩-এর ৩৩৪ ধারার ক্ষমতাবলে এবং সরকারের পূর্বানুমতি নিয়ে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে করদাতাদের বাস্তব সমস্যার কথা বিবেচনা করে সময়সীমা ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল।

এনবিআর জানিয়েছে, বেশি সংখ্যক করদাতাকে রিটার্ন জমার সুযোগ করে দেওয়া এবং তাদের ওপর চাপ কমাতে নতুন করে সময় বাড়ানো হয়েছে। করদাতাদের আহ্বান জানানো হয়েছে সংশোধিত সময়সীমার মধ্যে রিটার্ন জমা দিতে।

চলতি করবর্ষে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী, শারীরিকভাবে অসমর্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের জন্য বাধ্যবাধকতা শিথিল রাখা হয়েছে। তারা চাইলে ই-রিটার্নও দাখিল করতে পারবেন।

এখন করদাতার প্রতিনিধি বা আইনগতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি তার হয়ে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। বিদেশে থাকা বাংলাদেশিরাও প্রয়োজনীয় তথ্য প্রদান করলে বিদেশ থেকে ই-রিটার্ন জমা দিতে পারবেন। বর্তমানে কোনো কাগজ বা নথি আপলোড ছাড়াই অনলাইনে কর পরিশোধ ও রিটার্ন দাখিল সম্ভব। ব্যাংকিং বা মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসের মাধ্যমে কর প্রদান করলে সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয় ই-রিটার্ন স্বীকারপত্র পাওয়া যাচ্ছে।

করদাতাদের সুবিধার্থে এনবিআর ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে কল সেন্টার চালু করেছে। ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নে ফোনে তাৎক্ষণিক সহায়তা এবং সারাদেশে স্থাপিত ই-রিটার্ন হেল্প-ডেস্ক থেকেও সেবা পাওয়া যাচ্ছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত ২৮ লাখ ৮৫ হাজার করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। গত বছর কয়েক দফা সময় বাড়িয়ে সর্বশেষ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।

নির্ধারিত সময়ের পরেও জরিমানা দিয়ে রিটার্ন দাখিল করা গেলেও বিলম্বের ক্ষেত্রে মাসিক ২ শতাংশ হারে সুদ প্রযোজ্য হবে। সময়মতো রিটার্ন না দিলে কর নির্ধারণ প্রক্রিয়ায় পরিবর্তন হবে এবং করদাতাকে মোট আয়ের ওপর কর দিতে হবে। এ ক্ষেত্রে কর অব্যাহতি বা রেয়াত পাওয়া যাবে না এবং ভগ্নাংশ মাসও পূর্ণ মাস হিসেবে গণ্য হবে।