ফরাসি চলচ্চিত্রের কিংবদন্তি ও ১৯৫০ ও ৬০–এর দশকের সিনেমার আইকন ব্রিজিত বারদো ৯১ বছর বয়সে মারা গেছেন। রবিবার (২৮ ডিসেম্বর) প্যারিস থেকে এএফপি জানায়, বারদোর ফাউন্ডেশন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
বিশ্বজোড়া খ্যাতি অর্জন করা এই অভিনেত্রী জীবনের শেষভাগে অভিনয়জগৎ থেকে সরে গিয়ে প্রাণী অধিকার রক্ষায় নিজেকে নিবেদিত করেছিলেন। ফাউন্ডেশনের বিবৃতিতে বলা হয়, তিনি মর্যাদাপূর্ণ ক্যারিয়ার ছেড়ে প্রাণীকল্যাণ ও নিজের ফাউন্ডেশনের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। অভিনয় ছাড়ার সময় তিনি বলেছিলেন, “আমি আমার যৌবন এবং সৌন্দর্য মানুষকে দিয়েছি, এখন আমার জ্ঞান এবং অভিজ্ঞতা প্রাণীদের দেব।”
সাম্প্রতিক মাসগুলোতে বারদো জনসমক্ষে খুব কমই দেখা দিয়েছেন। অক্টোবর মাসে তিনি হাসপাতালে ভর্তি হন এবং নভেম্বর মাসে নিজের মৃত্যুর গুজব অস্বীকার করে বিবৃতি দেন। তবে তাঁর মৃত্যুর সঠিক সময় ও স্থান সম্পর্কে ফাউন্ডেশন কোনো তথ্য প্রকাশ করেনি।
১৯৫৬ সালে ‘অ্যান্ড গড ক্রিয়েটেড উইমেন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী তারকাখ্যাতি অর্জন করেন। খালি পায়ে মাম্বো নাচের দৃশ্য তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। অগোছালো চুল, দুর্দমনীয় শক্তি ও সাহসী উপস্থিতিতে তিনি মূলধারার সিনেমায় আগে কখনও না দেখা এক ধরনের যৌন আকর্ষণ ও মুক্ত নারীত্বের প্রতীক হয়ে ওঠেন। ছবিটি পরিচালনা করেছিলেন তাঁর তৎকালীন স্বামী রজার ভাদিম।
এরপর প্রায় ৫০টি চলচ্চিত্রে অভিনয় করে তিনি অবসর নেন। অবসর নেওয়ার পর ফ্রান্সের রিভিয়েরা উপকূলের সাঁ-ত্রোপে বসবাস শুরু করেন এবং প্রাণী অধিকার আন্দোলনে সক্রিয় হন। ধারণা করা হয়, তাঁর জীবনের মোড় ঘোরানো মুহূর্তটি আসে শেষ চলচ্চিত্র ‘দ্য এডিফাইং অ্যান্ড জয়াস স্টোরি অব কোলিনোত’-এর শুটিং সেটে, যেখানে একটি ছাগলকে হত্যা থেকে বাঁচাতে তিনি সেটি কিনে নিজের হোটেল কক্ষে রেখে দেন। এরপর থেকেই তিনি প্রাণী অধিকার রক্ষায় আজীবন নিবেদিত হন।
১৯৩৪ সালের ২৮ সেপ্টেম্বর প্যারিসে জন্ম নেওয়া বারদো বেড়ে ওঠেন এক উচ্চ-মধ্যবিত্ত পরিবারে। শৈশবের কথা স্মরণ করে তিনি নিজেকে ‘লাজুক, চশমাপরা ও রুক্ষ চুলের’ মেয়ে হিসেবে বর্ণনা করেছিলেন। তবে মাত্র ১৫ বছর বয়সেই তিনি ইলে ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নেন, যা তাঁর মডেলিং ও চলচ্চিত্র জীবনের সূচনা করে।
ফ্রান্সে তিনি পরিচিত ছিলেন শুধু দুটি অক্ষরে—‘বি.বি.’ নামে। দ্রুতই তিনি ১৯৫০ ও ৬০–এর দশকের ফ্রান্সের সাংস্কৃতিক প্রতীকে পরিণত হন।




