বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ট্রফি ছাড়াই পর্দা উঠল বিপিএলের ১২তম আসরের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের পর্দা উঠেছে শুক্রবার (২৬ ডিসেম্বর)। দুপুরে হাজার হাজার বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুই ম্যাচের মাঝে ছোট পরিসরে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান। তবে এবারের আসরে নতুন ট্রফি প্রদর্শন করা হয়নি, যা নিয়ে দর্শক ও সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

বিপিএল শুরুর আগেই ট্রফি বাংলাদেশে পৌঁছেছিল। কিন্তু সেটি পছন্দ হয়নি বিপিএল গভর্নিং কাউন্সিলের। তাই নতুন করে আবারও ট্রফি বানানো হচ্ছে। বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন জানান, আগের ট্রফি ছিল গতানুগতিক, নতুন আনা ট্রফিটিও মানসম্মত হয়নি। এজন্য আবারও পরিবর্তন করে নতুন ট্রফি আনা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এবারকার ট্রফি হবে দর্শকদের দেখা সেরা ট্রফি।

হীরা খচিত নতুন ট্রফি তৈরিতে খরচ হয়েছে প্রায় ২৫ হাজার ইউএস ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ট্রফি অর্ডার করা হয়েছে এবং খুব দ্রুতই হাতে আসবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ট্রফি দেখে দর্শকদের ভালো লাগবে।

বিসিবি শুরুতে বড় আকারের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছিল। তবে নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানটি সীমিত আকারে আয়োজন করা হয়। উদ্বোধনীতে স্থানীয় জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনা দর্শকদের আকর্ষণ করে।

বিপিএলের ১২তম আসর তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ম্যাচগুলো সিলেটে, এরপর চট্টগ্রামে এবং শেষ পর্ব ও ফাইনাল ঢাকায় অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ নির্ধারিত হয়েছে আগামী ২৩ জানুয়ারি ঢাকায়। এবারের আসরে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণও উল্লেখযোগ্য। প্রায় ৫০০ জন বিদেশি ক্রিকেটার নাম জমা দিয়েছিলেন, তবে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ২৫০ জনকে।

উদ্বোধনী দিনে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদিও ট্রফি প্রদর্শন না হওয়ায় কিছুটা আক্ষেপ ছিল, তবুও বিপিএলের নতুন মৌসুমকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে।

এতো সবের মধ্যেও মাঠের লড়াইয়ে কোনো ঘাটতি ছিল না। প্রথম ম্যাচে ১৯১ রানের লক্ষ্য তাড়া করে সিলেট টাইটানসকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরু হয়েছে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে রাজশাহী ওয়ারিয়র্সের জয় দিয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে রাজশাহী ৮ উইকেটে হারিয়েছে সিলেট টাইটান্সকে। প্রথমে ব্যাট করে সিলেট ৪ উইকেটে ১৯০ রান তোলে, ইমন অপরাজিত ৬৫ ও আফিফ করেন ৩৩ রান। রাজশাহীর হয়ে সন্দ্বীপ লামিচানে নেন ২ উইকেট। জবাবে শান্ত ও মুশফিকুর রহিম তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৩০ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করেন। শান্ত ৬০ বলে ১০১ রানে অপরাজিত থাকেন, মুশফিক করেন ৫১ রান। ম্যাচসেরা হন শান্ত।

বিপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখী হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। অভিষেক ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস ব্যাটিং ব্যর্থতায় বড় হার দিয়ে যাত্রা শুরু করেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে তারা ৬৫ রানে পরাজিত হয়। প্রথমে ব্যাট করে চট্টগ্রাম ৬ উইকেটে ১৭৪ রান তোলে, মির্জা তাহির বেগ করেন ৮০ রান। জবাবে নোয়াখালী ১৬.৫ ওভারে ১০৯ রানে অলআউট হয়। মাজ সাদাকাত সর্বোচ্চ ৩৮ রান করেন। চট্টগ্রামের তানভীর ইসলাম নেন ৩ উইকেট, শরিফুল, মেহেদী ও মুকিদুল নেন দুটি করে উইকেট।