বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হচ্ছে ১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)-২০২৬। সকাল ১০টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

এবারের মেলা আয়োজনের আগে নাম পরিবর্তন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মেলার নাম থেকে ‘আন্তর্জাতিক’ শব্দ বাদ দেওয়ার প্রস্তাব করলেও সর্বশেষ স্টিয়ারিং কমিটির বৈঠকে তা বাতিল করা হয়। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ থাকায় আগের নামই বহাল রাখা হয়েছে।

১৯৯৫ সাল থেকে নিয়মিতভাবে অনুষ্ঠিত এই মেলা বর্তমানে পূর্বাচলে আয়োজন করা হচ্ছে। এবারের মেলায় ছোট-বড় মিলিয়ে ৩৫০টির বেশি স্টল ও প্যাভিলিয়ন থাকবে। দর্শনার্থীদের সুবিধার্থে ই-টিকেটিং ব্যবস্থা চালু করা হয়েছে; টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। শিশুদের জন্য দুটি পার্ক এবং বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘বাংলাদেশ স্কয়ার’, যেখানে দেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরা হবে।

সব মিলিয়ে নতুন বছরের শুরুতে বাণিজ্য, বিনোদন ও সংস্কৃতির সমন্বয়ে বৃহৎ আয়োজন হিসেবে দর্শনার্থীদের আকর্ষণ করবে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা।