বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

যমুনা সার কারখানায় ২৩ মাস পর উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকার পর পুনরায় উৎপাদনে ফিরেছে উপমহাদেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। গ্যাসসংকটের কারণে বন্ধ থাকা এই কারখানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি নতুন করে গ্যাস সংযোগ দেওয়ার পর উৎপাদন শুরু হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) যন্ত্রাংশ মেরামতের পর অ্যামোনিয়াম ও ইউরিয়া সার উৎপাদন পুনরায় চালু করা হয়। যমুনা সার কারখানার উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক ইউরিয়া উৎপাদন শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৯১ সালে জামালপুরের সরিষাবাড়ীতে প্রতিষ্ঠিত এই কারখানা দৈনিক প্রায় ১,৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে আসছিল। নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য কারখানাটির দৈনিক ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাস প্রয়োজন।

কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন জানান, ২০২৪ সালের ১৫ জানুয়ারি বিসিআইসি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে, ফলে উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রায় ২৩ মাস পর চলতি বছরের ২৪ নভেম্বর সন্ধ্যায় তিতাস গ্যাস কোম্পানি পুনরায় গ্যাস সংযোগ দেয়। এরপর যান্ত্রিক ত্রুটি মেরামত করে উৎপাদন শুরু হয়।

দীর্ঘদিন পর কারখানা চালু হওয়ায় কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, ডিলার ও স্থানীয় কৃষকরা আনন্দ প্রকাশ করেছেন। তারা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করে কারখানাটি চালু রাখার দাবি জানিয়েছেন।