ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টনে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ইভেন্টের ফাইনালে উঠেছিলেন মিশ্র দ্বৈতের জুটি আল আমিন জুমার ও ঊর্মি আক্তার। তবে শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত ফাইনালে তারা মালয়েশিয়ার আনিফ ইসাক ও ক্লারিসা সানের কাছে হেরে রৌপ্য পদক অর্জন করেন।
পল্টন উডেন ফ্লোর জিমন্যাসিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথম সেটে তুমুল লড়াই করেও ২৭-২৫ পয়েন্টে হেরে যান জুমার-ঊর্মি। দ্বিতীয় সেটে মালয়েশিয়ান জুটি দাপট দেখিয়ে ২১-১৪ পয়েন্টে জয় নিশ্চিত করে স্বর্ণ পদক জিতে নেয়। রানার্স আপ হয়ে বাংলাদেশের এই জুটি পান ৮৪০ ডলার প্রাইজমানি। এছাড়া বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হাবিব উল্লাহ ডন তাদের অতিরিক্ত ১ হাজার ডলার পুরস্কার প্রদান করেন এবং উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশি কোচসহ সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দেন।
ফাইনালের পর আল আমিন জুমার বলেন, “প্রথমবারের মতো আমরা কোনো আন্তর্জাতিক ইভেন্টের ফাইনালে উঠতে পেরেছি এটা যেমন আনন্দের, তেমনি চ্যাম্পিয়ন হতে না পেরে একটু তো খারাপ লাগছেই। ওরা আমাদের চেয়ে সুযোগ-সুবিধা ট্রেনিংয়ে অনেক এগিয়ে। সেদিক থেকে আমরা কিছুটা হলেও পিছিয়ে। একক, দ্বৈত এবং মিশ্র দ্বৈত তিন বিভাগেই আমি খেলেছি। আমি কোনো ক্লান্তি অনুভব করিনি, আনন্দ নিয়েই খেলেছি। এবার পারিনি, ভবিষ্যতে অবশ্যই দেশের জন্য স্বর্ণ পদক জিতে আনব।”
ঊর্মি আক্তার জানান, “এসএ গেমসকে সামনে রেখে আমরা যে তিন মাসের ট্রেনিংয়ে ছিলাম, সেটা অনেক কাজে দিয়েছে। ওই কারণেই এই টুর্নামেন্টের ফাইনালে উঠতে পেরেছি। ওদের সঙ্গে আমাদের অনেক পার্থক্য। ওদের ড্রেস দেখলেই বুঝবেন, বড় বড় স্পন্সর নিয়ে খেলে। আমাদের সেভাবে কোনো স্পন্সর নেই। দীর্ঘ মেয়াদী ট্রেনিংয়ের সুবিধা নেই। আমরাও যদি ওদের মত সব ধরনের সুবিধা পেতাম, তাহলে আরও অনেকদূর যেতে পারতাম।”
মিশ্র দ্বৈতের পাশাপাশি আরও চারটি ইভেন্টে ফাইনাল অনুষ্ঠিত হয়। পুরুষ এককে ভারতের মেইরাবা মাইসনাম, নারী এককে আমেরিকার ইসিকা জয়সোয়াল, পুরুষ দ্বৈতে ভারতের নিরঞ্জন-রুবান কুমার এবং নারী দ্বৈতে থাইল্যান্ডের পাত্থারিন-সারিসা জানপেং জুটি চ্যাম্পিয়ন হন।
বাংলাদেশি জুটি জুমার-ঊর্মির এই রৌপ্য জয় আন্তর্জাতিক ব্যাডমিন্টনে দেশের সবচেয়ে বড় অর্জন হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে।




