অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ১২তম আসরের ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী ২১ ডিসেম্বর দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
শুক্রবার দুবাইয়ের সেভেনস স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে ২৬ দশমিক ৩ ওভারে ১২১ রানে অলআউট হয় বাংলাদেশ যুব দল। ইনফর্ম ওপেনার জাওয়াদ আবরার ৯ ও রিফাত বেগ ১৪ রান করেন। অধিনায়ক আজিজুল হাকিম ২৬ বলে ২০ রান করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে দল। শেষদিকে সামিউন বশির ৩৩ রানের লড়াকু ইনিংস খেললেও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি। পাকিস্তানের পেসার আব্দুল সুবহান ৪ উইকেট নেন। জবাবে পাকিস্তান ৮ উইকেটে জয় তুলে ফাইনালে জায়গা করে নেয়।
অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত ৮ উইকেটে হারায় শ্রীলংকাকে। ২০ ওভারে নির্ধারিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে শ্রীলংকা ৮ উইকেটে ১৩৮ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন চামিকা হিনাতিগালা। ভারতের হেনিল প্যাটেল ও কনিষ্ক চৌহান নেন ২টি করে উইকেট। জবাবে ভিয়ান মালহোত্রা অপরাজিত ৬১ ও অ্যারন জিওর্জি অপরাজিত ৫৮ রান করে দলকে জয় এনে দেন।
ফলে আসরের ফাইনালে ভারত-পাকিস্তান আবারও মুখোমুখি হয়ে শিরোপার লড়াইয়ে নামছে।




