ঢাকায় নিরাপত্তাজনিত ছাড়পত্র না পাওয়ায় ১৩ ডিসেম্বরের নির্ধারিত কনসার্ট বাতিল হলেও পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম তাঁর সফর বাতিল করেননি। বরং তিনি একের পর এক প্রাইভেট শোতে অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘মিউজিক বিয়ন্ড বাউন্ডারিস’ শিরোনামের কনসার্টে পারফর্ম করেন আতিফ। বিকেল ৪টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন। আতিফ আসলামের পাশাপাশি বাংলাদেশের শিল্পী মিনার ও প্রিতমও গান পরিবেশন করেন। অনুষ্ঠান ঘিরে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তবে আতিফের অংশগ্রহণের বিষয়টি আগেভাগে গোপন রাখা হয়েছিল।
এর আগে ১৫ ডিসেম্বর ঢাকার একটি ক্লাবে ‘দ্য ফাইনাল নোট : আতিফ আসলাম’ শিরোনামে প্রাইভেট শোতে পারফর্ম করেন তিনি। ওই কনসার্টের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এছাড়া ১৭ ডিসেম্বরও আরেকটি প্রাইভেট শোতে আতিফ আসলামের অংশগ্রহণের খবর পাওয়া গেছে। ফলে বাতিল হওয়া বড় কনসার্টের পরিবর্তে ঢাকায় একাধিক প্রাইভেট শোতে অংশ নিয়ে ভক্তদের মাতাচ্ছেন এই জনপ্রিয় গায়ক।




