দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বুধবার (১৭ ডিসেম্বর) গ্রুপপর্বের শেষ ম্যাচে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন দল জয় তুলে নেয়।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ তোলে ২২৫ রান। ওপেনার জাওয়াদ আবরার করেন ৪৯ এবং রিফাত বেগ যোগ করেন ৩৬ রান। তাদের ৮৪ রানের উদ্বোধনী জুটি দলকে ভালো শুরু এনে দিলেও শেষদিকে ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। শ্রীলঙ্কার অফ স্পিনার কাভিজা গামাগে ৪ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ৪৪ রানের মধ্যে ৪ উইকেট হারায় তারা। এক পর্যায়ে ১২৬ রানেই অষ্টম উইকেট হারায় লঙ্কানরা। নবম উইকেটে আদহাম হিল্মি ও রাসিথা নিমসারা ৫৬ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত অলআউট হয় ১৮৬ রানে।
বাংলাদেশের হয়ে ইকবাল হোসেন ও শাহরিয়ার আহমেদ নেন ৩টি করে উইকেট। ম্যাচসেরার পুরস্কার পান ইকবাল হোসেন।
এই জয়ের ফলে বাংলাদেশ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। আগামী ১৯ ডিসেম্বর তারা মুখোমুখি হবে পাকিস্তানের বিপক্ষে। অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কা খেলবে ভারতের সঙ্গে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২২৫ (জাওয়াদ ৪৯, রিফাত ৩৬; কাভিজা ৪/৩৮)
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ১৮৬ (চামিকা ৪১, হিল্মি ৩৯; ইকবাল ৩/৩৭, শাহরিয়ার ২/২৭)
ফল: বাংলাদেশ জয়ী ৩৯ রানে




