মানসম্মত স্বাস্থ্যসেবার সংকটে প্রতিবছর প্রায় ৫ বিলিয়ন ডলার বিদেশে ব্যয় করছে বাংলাদেশি রোগীরা; কাঠামোগত দুর্বলতা ও আস্থাহীনতায় স্বাস্থ্যখাত বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। দেশে জনপ্রতি বার্ষিক স্বাস্থ্য ব্যয় মাত্র ১ হাজার ৭০ টাকা হওয়ায় এবং ব্যবস্থাপনা ও নীতিগত দুর্বলতার কারণে প্রায় ৪৯ শতাংশ মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ দেশের স্বাস্থ্য খাতের বাজার বর্তমানে প্রায় ১৪ বিলিয়ন ইউএস ডলার, যা ২০৩৩ সালে ২৩ বিলিয়নে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের স্বাস্থ্যসেবা খাত নিয়ে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব তথ্য জানিয়েছেন। দেশীয় স্বাস্থ্যসেবায় আস্থা ফিরিয়ে আনতে কাঠামোগত সংস্কার, মান নিয়ন্ত্রণে কার্যকর কৌশলগত কাঠামো এবং সরকারি-বেসরকারি খাতের সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তাঁরা।
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে আস্থা বৃদ্ধি: মান নিয়ন্ত্রণে কৌশলগত কাঠামো নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।
মূল প্রবন্ধে ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মালিক তালহা ইসমাইল বারী বলেন, স্বল্প বাজেট বরাদ্দ, অদক্ষ ব্যবস্থাপনা, শহর-গ্রামের বৈষম্য, দক্ষ জনবল সংকট, ক্রমবর্ধমান চিকিৎসা ব্যয় ও দুর্বল নিয়ন্ত্রণব্যবস্থা স্বাস্থ্য খাতের বড় প্রতিবন্ধকতা। প্রতিবছর প্রায় ৫ বিলিয়ন ইউএস ডলার বিদেশে চিকিৎসায় ব্যয় হচ্ছে, যা অর্থনীতির জন্য উদ্বেগজনক।
ডা. এ কে আজাদ খান বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবায় কিছু অর্জন থাকলেও কাঙ্ক্ষিত মান নিশ্চিত হয়নি। তিনি প্রাইমারি হেলথ কেয়ারের ওপর গুরুত্বারোপ করেন এবং ডিজিটাল হেলথ কেয়ার সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে সেবা বাড়ানোর আহ্বান জানান।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, স্বাস্থ্য খাতে কাঠামোগত ঘাটতি, অনুমোদনহীন ক্লিনিক, ভুয়া ওষুধ, ভুল ডায়াগনস্টিক রিপোর্ট ও দুর্বল তদারকি জনস্বাস্থ্য নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও দক্ষ জনবল উন্নয়নের ওপর জোর দেন।
আলোচনায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি খাতের সমন্বয়, দীর্ঘমেয়াদি নীতিমালা, গবেষণা কার্যক্রম বৃদ্ধি এবং আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ অপরিহার্য। তাঁরা উল্লেখ করেন, দেশের ওষুধ উৎপাদন সক্ষমতা শক্তিশালী হলেও স্বাস্থ্য নীতি যুগোপযোগী করা হয়নি।
বক্তারা সর্বসম্মতভাবে বলেন, স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়নের জন্য কাঠামোগত সংস্কার, কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা এবং সরকারি-বেসরকারি খাতের সমন্বয় বৃদ্ধির কোনো বিকল্প নেই।




