বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

জেদ্দায় শেষ হলো ৫ম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় ঐতিহাসিক আল-বালাদ এলাকায় ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া ৫ম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শেষ হয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ এই চলচ্চিত্র উৎসব এবার অনুষ্ঠিত হলো ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে, যা উৎসবকে দিয়েছে ভিন্ন মাত্রা।

বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকারা বৃহস্পতিবার জেদ্দায় সমবেত হয়েছিলেন রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে। যদিও ২০২৫ সালের আসর আনুষ্ঠানিকভাবে শেষ হবে ১৩ ডিসেম্বর, তবে বৃহস্পতিবার রাতে জেদ্দার আল-বালাদ এলাকায় অনুষ্ঠিত হয়েছে ইউসর অ্যাওয়ার্ডস অনুষ্ঠান।

এবারের আসরে বিশ্বের ৮০টিরও বেশি দেশ থেকে ১১১টি সিনেমা প্রদর্শিত হয়। এর মধ্যে ছিল ৩৮টি বিশ্ব প্রিমিয়ার। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় আমেরিকা-যুক্তরাজ্য যৌথ প্রযোজনা ‘জায়ান্ট’, যেখানে অভিনয় করেছেন আমির এল-মাসরি ও পিয়ার্স ব্রসনান।

চলচ্চিত্র প্রতিযোগিতার সর্বোচ্চ সম্মান গোল্ডেন ইউসর ফর বেস্ট ফিচার ফিল্ম অর্জন করেছে জাপানি পরিচালক আকিও ফুজিমোতোর ‘লস্ট ল্যান্ড’। এটি ইতিহাসে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র যা সম্পূর্ণভাবে রোহিঙ্গা ভাষায় নির্মিত হয়েছে। সিনেমাটিতে মিয়ানমারের গৃহযুদ্ধে বাস্তুচ্যুত দুটি শিশুর মালয়েশিয়ায় থাকা চাচাদের কাছে পৌঁছানোর জীবন-মরণ যাত্রা তুলে ধরা হয়েছে। পুরস্কার প্রদানকালে জুরিপ্রধান অস্কারজয়ী পরিচালক শন বেকার বলেন, “চলচ্চিত্রটি বাস্তুচ্যুত শিশুদের দুর্দশাকে অসাধারণ মানবিকতা ও কবিত্বপূর্ণ তাগিদে তুলে ধরে।”

সেরা চলচ্চিত্রের পুরস্কারের সঙ্গে ছিল ১ লাখ ডলারের প্রাইজমানি। এর আগে সিনেমাটি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের হরাইজনস বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ারে বিশেষ জুরি পুরস্কার পেয়েছিল। এবারের উৎসবে শন বেকারের নেতৃত্বে জুরি বোর্ডে ছিলেন রিজ আহমেদ, নাওমি হ্যারিস, ওলগা কুরিলেঙ্কো ও নাদিন লাবাকি। তাদের ভাষ্য অনুযায়ী, নির্বাচিত ছবিগুলো ছিল “জরুরি ও গভীরভাবে প্রাসঙ্গিক।”

উৎসবে বলিউড ও হলিউড তারকাদের উপস্থিতি ছিল বিশেষ আকর্ষণ। সালমান খান ও জনি ডেপের একসঙ্গে উপস্থিতি সামাজিক মাধ্যমে আলোড়ন তোলে। এছাড়া আলিয়া ভাটকে দেওয়া হয় গোল্ডেন গ্লোব হরাইজন অ্যাওয়ার্ড, যা আন্তর্জাতিক অঙ্গনে তার অবদানকে স্বীকৃতি দেয়।

পুরস্কার ঘোষণা অনুষ্ঠানের শুরুতে সম্মাননা জানানো হয় অ্যান্থনি হপকিন্স, ইদ্রিস এলবা, ড্যারেন অ্যারোনোফস্কি এবং সৌদি নির্মাতা আহদ কামেলকে। এ সময় উপস্থিত ছিলেন জনি ডেপ, সালমান খান, শাইলিন উডলি প্রমুখ তারকা।

‘সিনেমার প্রতি ভালোবাসা’ এই স্লোগান সামনে রেখে উৎসব চলাকালে বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা অংশ নেন নানা আলোচনা ও কর্মশালায়। এতে চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ, প্রযুক্তির ব্যবহার এবং বৈশ্বিক সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়। আয়োজকরা জানান, রেড সি ফেস্টিভ্যাল এখন শুধু চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন নয়, বরং এটি একটি সাংস্কৃতিক সেতুবন্ধন, যেখানে পূর্ব ও পশ্চিমের শিল্পীরা একত্রিত হয়ে বৈশ্বিক চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করছেন।

একনজরে ৫ম রেড সি ইন্টারন্যাশন ফিল্ম ফেস্টিভ্যালের বিজয়ীরা

গোল্ডেন ইউসর (সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র): লস্ট ল্যান্ড (আকিও ফুজিমোতো)
সিলভার ইউসর (পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র): অল দ্যাটস লেফট অফ ইউ (চেরিয়েন দাবিস)
ইউসর জুরি পুরস্কার: হিজরা (শাহাদ আমিন)
ইউসর সেরা পরিচালক: আমির ফখের এলদিন (ইউনান)
ইউসর সেরা চিত্রনাট্য: সিরিল অ্যারিস ও বেন ফাকিহ (আ স্যাড অ্যান্ড বিউটিফুল ওয়ার্ল্ড)
ইউসর সেরা অভিনেতা: জর্জ খাব্বাজ (ইউনান)
ইউসর সেরা অভিনেত্রী: সিও সু-বিন (দ্য ওয়ার্ল্ড অব লাভ)
আশরাক সেরা তথ্যচিত্র: ইন-আই ইন মোশন (জুলিয়েট বিনোচে)
আল উলা অডিয়েন্স অ্যাওয়ার্ড (সৌদি চলচ্চিত্র): হিজরা (শাহাদ আমিন)
আল উলা অডিয়েন্স অ্যাওয়ার্ড (সেরা অ-সৌদি চলচ্চিত্র): মাই ফাদার’স সেন্ট (মোহাম্মদ সিয়াম)
গোল্ডেন ইউসর (সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র): কোয়োটস (সৈয়দ জাঘা)
ইউসর সিনেমাটিক অ্যাচিভমেন্ট: নাইটটাইম সাউন্ডস (ঝ্যাং ঝংচেন)