২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে। প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত এই আসরের সূচি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। তবে গত বৃহস্পতিবার ঘোষিত টিকিটের হালনাগাদকৃত দাম নিয়ে বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন প্রকাশিত তালিকা অনুযায়ী, গ্রুপ পর্বের টিকিটের দাম ১৮০ ডলার (২১ হাজার ৯৫৫ টাকা) থেকে ৭০০ ডলার (৮৫ হাজার ৩৮৪ টাকা) পর্যন্ত। কিন্তু ফাইনালের টিকিটের দাম আকাশচুম্বী—সবচেয়ে সস্তা ৪ হাজার ১৮৫ ডলার (৫ লাখ ১০ হাজার টাকা) এবং সবচেয়ে দামি ৮ হাজার ৬৮০ ডলার (১০ লাখ ৫৮ হাজার ৭৬৪ টাকা)।
২০২২ সালের কাতার বিশ্বকাপে সবচেয়ে কম দামের টিকিট ছিল মাত্র ৬০০ ইউএস ডলার। অর্থাৎ এবারের দাম প্রায় সাত গুণ বেড়েছে। শিশু বা বিশেষ কোনো গোষ্ঠীর জন্য ছাড় নেই। এমনকি গ্রুপ পর্বের টিকিটও দলের জনপ্রিয়তার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে, ফলে ইংল্যান্ড বা ব্রাজিলের মতো জনপ্রিয় দলের ম্যাচ দেখতে অতিরিক্ত অর্থ গুনতে হবে সমর্থকদের।
‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’ (এফএসই) বলেছে, ফিফার এই নীতি বিশ্বকাপের ঐতিহ্যের প্রতি বিরাট ‘বিশ্বাসঘাতকতা’। তারা টিকিট বিক্রি তাৎক্ষণিকভাবে বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। ইংল্যান্ডের ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশনও বলেছে, এই দাম সমর্থকদের ‘মুখে চড় মারা’র সমান।
বিবিসি স্পোর্ট জানিয়েছে, ফাইনালের টিকিট তিন স্তরে ভাগ করা হয়েছে—সাপোর্টার ভ্যালু টায়ার: ৪ হাজার ১৮৫ ডলার, সাপোর্টার স্ট্যান্ডার্ড টায়ার: ৫ হাজার ৫৬০ ডলার এবং সাপোর্টার প্রিমিয়ার টায়ার: ৮ হাজার ৬৮০ ডলার।
এদিকে এপি জানিয়েছে, সাত বছর আগে বিশ্বকাপ আয়োজনের বিড করার সময় আমেরিকার ফুটবল কর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন শুরুর দিকের ম্যাচগুলোর জন্য ২১ ডলার দামের হাজারো টিকিট ছাড়ার। কিন্তু বর্তমান দামের সঙ্গে সেই প্রতিশ্রুতির কোনো মিল নেই।
ফিফা গত সেপ্টেম্বরে জানিয়েছিল, গ্রুপ পর্বে টিকিটের দাম ৬০ ডলার থেকে শুরু হয়ে ফাইনালে সর্বোচ্চ ৬ হাজার ৭৩০ ডলার পর্যন্ত হবে। তবে এবার প্রথমবারের মতো ‘ডায়নামিক প্রাইসিং’ চালু হওয়ায় দাম আরও বেড়েছে।
সমর্থকগোষ্ঠী এফএসই বলেছে, যতক্ষণ না পর্যন্ত এমন একটি সমাধান পাওয়া যাচ্ছে যা বিশ্বকাপের ঐতিহ্য, সার্বজনীনতা ও সাংস্কৃতিক গুরুত্বকে সম্মান করে, ততক্ষণ জাতীয় অ্যাসোসিয়েশনগুলোর মাধ্যমে টিকিট বিক্রি বন্ধ রাখতে হবে।




