বাংলাদেশ ব্যাংকের সক্রিয় পদক্ষেপে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২.১২ বিলিয়ন ডলার। পাশাপাশি রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক গতি লক্ষ্য করা যাচ্ছে, যা অর্থনীতিতে স্থিতিশীলতার বার্তা দিচ্ছে।
যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম) পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।
চলতি অর্থবছরে ডিসেম্বরের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১ হাজার ২৯০ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৯১ মিলিয়ন ডলার। ১ জুলাই থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৩২৯ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১২ হাজার ২২৮ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার একাধিক নিলামের মাধ্যমে ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৪৯ মিলিয়ন ইউএস ডলার কিনেছে। টাকার বিপরীতে ডলারের অবমূল্যায়ন রোধ এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতে গতি সঞ্চার করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতি ডলার ১২২ দশমিক ২৫ থেকে ১২২ দশমিক ২৯ টাকা দরে ক্রয় করা হয়েছে।
নভেম্বর মাসে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসীরা গত মাসে দেশে পাঠিয়েছেন ২ দশমিক ৮৯ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩১ দশমিক ৩৭ শতাংশ বেশি। গত বছর নভেম্বরে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ২০ বিলিয়ন ডলার। চলতি বছরের অক্টোবর মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল ২ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। এর আগে সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার, ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১৩ দশমিক ০৩ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১১ দশমিক ১৩ বিলিয়ন ডলার। নভেম্বরে প্রাপ্ত ২৮৮ কোটি ৯৫ লাখ ডলারের রেমিট্যান্সের মধ্যে সবচেয়ে বেশি এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে—১৯৯ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৯ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৯ লাখ ৪০ হাজার ডলার।
শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈধ ও অবৈধ (হুন্ডি) বাজারের বিনিময় হারের ব্যবধান কমে আসা এবং মানি লন্ডারিং দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা তৈরি হয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে ধারাবাহিকভাবে এই প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, যা রেমিট্যান্সনির্ভর বাংলাদেশের অর্থনীতির জন্য বড় স্বস্তির বার্তা।




