বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নভেম্বরে রেমিট্যান্স প্রবাহে রেকর্ড বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নভেম্বর মাসে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিরা গত মাসে দেশে পাঠিয়েছেন ২.৮৯ বিলিয়ন ইউএস ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩১.৩৭ শতাংশ বেশি। গত বছর নভেম্বরে রেমিট্যান্স এসেছিল ২.২০ বিলিয়ন ডলার।

চলতি বছরের অক্টোবর মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল ২.৫৬ বিলিয়ন ডলার। এর আগে সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার, ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১৩.০৩ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১১.১৩ বিলিয়ন ডলার।

নভেম্বরে প্রাপ্ত ২৮৮ কোটি ৯৫ লাখ ডলারের রেমিট্যান্সের মধ্যে সবচেয়ে বেশি এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে—১৯৯ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৯ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ৪০ হাজার ডলার।

শিল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন, বৈধ ও অবৈধ (হুন্ডি) বাজারের বিনিময় হারের ব্যবধান কমে আসা এবং মানি লন্ডারিং দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার ফলে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা তৈরি হয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে ধারাবাহিকভাবে এই প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, যা রেমিট্যান্সনির্ভর দেশের অর্থনীতির জন্য বড় স্বস্তির বার্তা।