লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটানের পরীক্ষামূলক ট্রানজিট পণ্য ভারতের অনুমোদন না মেলায় আটকা রয়েছে। বাংলাদেশ-ভুটান প্রটোকল চুক্তির অংশ হিসেবে গত বছরের এপ্রিলে দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, বাংলাদেশের সমুদ্রবন্দর ও সড়কপথ ব্যবহার করে ভারত হয়ে ভুটানে পরীক্ষামূলকভাবে দুটি চালান পাঠানো হবে।
থাইল্যান্ডের ব্যাংককের ‘আবিত ট্রেডিং কোম্পানি লিমিটেড’ ৮ সেপ্টেম্বর ছয় ধরনের পণ্য (ফল, জুস, জেলি, শুকনো ফল, লিচু-ফ্লেভারের ক্যান্ডি ও শ্যাম্পু) কনটেইনারে পাঠায়, যা ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। পরে চট্টগ্রাম থেকে ২৮ নভেম্বর কনটেইনারটি বুড়িমারী স্থলবন্দরে আনা হয়। তবে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর থেকে অনুমোদন না মেলায় পণ্যটি ভুটানে পাঠানো সম্ভব হয়নি।
বেনকো লিমিটেডের প্রতিনিধি ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সদস্য ফারুক হোসেন জানিয়েছেন, “চট্টগ্রাম থেকে আসা ভুটানের পরীক্ষামূলক ট্রানশিপমেন্ট চালানটি বুড়িমারীতে আটকে আছে। ভারতের অনুমোদন পেলেই আমরা তা পাঠাতে পারব।”
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ও কাস্টমস স্টেশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেনও জানিয়েছেন, ভুটানের চালানের কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন হয়েছে; ভারতীয় কর্তৃপক্ষ অনুমোদন দিলে পণ্যটি ভুটানের দিকে সরানো হবে।




