বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

‘সংখ্যা’ লিখে তারকাদের প্রতিবাদ ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যমে হঠাৎ চোখে পড়ছে তারকাদের হাতে ও গালে লেখা বিভিন্ন সংখ্যা। এই সংখ্যাগুলি কোনো ফ্যাশন ট্রেন্ড নয়, বরং ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে তাদের প্রতিবাদের নতুন ভাষা।

গত ২৫ নভেম্বর এই আন্দোলনের সূচনা করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তিনি নিজের ছবিতে হাতে ‘৯’ লিখে জানালেন, তিনি প্রতিদিন অন্তত ৯ বার অনলাইন হয়রানির শিকার হন। তার পোস্টে তিনি বলেন, “সংখ্যা থেকে কণ্ঠস্বর, আসুন আমাদের গল্প সবার সামনে তুলে ধরি। তোমার নম্বরের গল্প বলো, আরও জোরে আওয়াজ তোলো। মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখতে পারছেন, কিন্তু আমি যা সহ্য করেছি এবং যা কাটিয়ে উঠেছি, তার সবই দেখতে পাচ্ছি।”

সবশেষে তিনি ‘মাই নাম্বার, মাই রুলস’ হ্যাশট্যাগ ব্যবহার করে সবাইকে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

তিশার আহ্বানে সাড়া দিয়ে আরও অনেকে অংশ নিয়েছেন। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ৩, রুনা খান ২৪, মৌসুমী হামিদ ৭২, আশনা হাবিব ভাবনা ৯৯+ এবং শবনম ফারিয়া ১০০০ সংখ্যাটি প্রকাশ করেছেন। অর্থাৎ শবনম ফারিয়া প্রতিদিন হাজারবার অনলাইনে হয়রানির শিকার হন। এছাড়া গায়িকা সাজিয়া সুলতানা পুতুল ৯, মডেল ও অভিনেত্রী মারিয়া নূর ৭ লিখেছেন।

অভিনেত্রী মৌসুমী হামিদ তার পোস্টে লিখেছেন, “তারা বলেছিল, ‘এটা তো শুধু একটি কমেন্ট, উপেক্ষা করে যাও।’ আমি বহুবার চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত এটা থামেনি। তাই এবার সংখ্যা দিয়ে আমার গল্প বলছি।”

এই আন্দোলনের মূল লক্ষ্য হলো সামাজিক মাধ্যমে নারী সহিংসতা ও সাইবার বুলিং বন্ধ করা এবং সচেতনতা সৃষ্টি করা। তারকারা ‘মাই নাম্বার, মাই রুলস’ হ্যাশট্যাগ ব্যবহার করে নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করছেন এবং অনলাইনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।