‘সেরা কণ্ঠ খ্যাত’ সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) ঘনিষ্ঠ পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পূজার নতুন জীবনসঙ্গী হয়েছেন মডেল ও চাকরিজীবী শুভংকর সেন।
নতুন এই পথচলা সম্পর্কে পূজা জানান, এক বছর ধরে তাদের পরিচয় ও বন্ধুত্বের পর পরিবারের উপস্থিতিতেই বিয়ে সম্পন্ন হয়েছে। তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, “এক বছর ধরে আমাদের পরিচয় ও বন্ধুত্ব। শেষ পর্যন্ত পরিবারের উপস্থিতিতেই বিয়ে করেছি। সবাই আমাদের জন্য দোয়ায় রাখবেন।”
মডেলিংয়ের পাশাপাশি শুভংকর সেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। অন্যদিকে পূজা ইতোমধ্যে সংগীত অঙ্গনে নিজের জায়গা পোক্ত করেছেন। ইউটিউবে তার গাওয়া ১০টিরও বেশি গান কোটি ভিউ অতিক্রম করেছে। ‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাত জনম’, ‘এত কাছে’, ‘চুপি চুপি’, ‘একটাই তুমি’, ‘তোমার আমার ভালোবাসা’, ‘তুমি ছাড়া’, ‘কেন বারে বারে’, ‘মানে না মন’ ও ‘মিউজিক তোমায় ছেড়ে’—এসব গান শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি পূজা মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন। চার বছরের সংসার জীবনের পর ২০২১ সালের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে। অতীতকে পিছনে ফেলে নতুন করে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন এই সংগীত তারকা।




