বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বিরতির পর পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই বছরের বিরতির পর আবারও পর্দায় ফিরতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম। শেষবার তাকে দেখা গিয়েছিল ২০২৩ সালের অক্টোবর মাসে, জিতের বিপরীতে টালিউডের ‘মানুষ’ ছবিতে। এরপর সরকারি অনুদানের ‘দিগন্তে ফুলের আগুন’ ছবির শুটিং হলেও এটি এখনও মুক্তি পায়নি।

শনিবার (২২ নভেম্বর) এক ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে মিম জানান, ২০২৬ সালকে তিনি নিজের কামব্যাকের বছর হিসেবে দেখছেন। তিনি বলেন, “আগামী বছরই সিনেমা হলে আমার নতুন কাজ নিয়ে হাজির হব।’’

সূত্রের খবর অনুযায়ী, মিম ইতোমধ্যে একটি নতুন সিনেমা এবং একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তিনি প্রকল্পগুলোর বিস্তারিত প্রকাশ করছেন না। এছাড়া তার হাতে আরও কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজের কাজ রয়েছে, যা ধীরে ধীরে প্রকাশিত হবে।

দুই বছরের বিরতিতেও মিম ব্র্যান্ড–সংক্রান্ত ইভেন্ট ও প্রমোশনে নিয়মিত অংশ নিয়েছেন। তিনি জানিয়েছেন, এই বিরতি তার ইচ্ছামত নেওয়া হয়েছিল, কারণ লক্ষ্য ছিল ভালো মানের প্রজেক্টে কাজ করা।

বিরতিতে যাওয়ার আগে মিমের ক্যারিয়ারের সময়টি ছিল উজ্জ্বল। ২০২২ সালে ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘পরান’ তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। পরবর্তীতে একই নির্মাতার ‘দামাল’, দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমা এবং সানি সানোয়ারের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’-এও তার অভিনয় প্রশংসিত হয়।

মিমের নতুন প্রজেক্টগুলোর আনুষ্ঠানিক ঘোষণা আগামী মাসে আসার কথা রয়েছে, যা তার ভক্ত ও সিনেমাপ্রেমীদের জন্য এক আনন্দের খবর হবে।