বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

শততম টেস্টে ঐতিহাসিক সেঞ্চুরি মুশফিকের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অনন্য মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে মাঠে নেমে সেই অর্জনকে আরও উজ্জ্বল করে তুললেন দুর্দান্ত সেঞ্চুরিতে। বিশ্বের ১১তম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করে তিনি যোগ দিলেন ক্রিকেটের এক এলিট তালিকায়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে ২১৪ বল খেলে ১০৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। পাঁচটি চারে সাজানো তার এই শতক দলকে বড় সংগ্রহ গড়তে সহায়তা করেছে। বাংলাদেশের ইনিংস থামে ১৪১.১ ওভারে ৪৭৬ রানে।

সেঞ্চুরির পর সংবাদ সম্মেলনে মুশফিক এ মাইলফলক উৎসর্গ করেন তার দাদা-দাদী ও নানা-নানীকে। তিনি বলেন, জীবনের কঠিন সময়ে তারাই ছিলেন সবচেয়ে বড় ভক্ত, আর তাদের দোয়া ও ভালোবাসাই তাকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে। ব্যক্তিগত সাফল্যের নেপথ্যে স্ত্রীর ত্যাগের কথাও উল্লেখ করেন মুশফিক। বলেন, দুই সন্তান থাকা সত্ত্বেও স্ত্রী সব দায়িত্ব সামলে তাকে নিরবচ্ছিন্ন অনুশীলনের সুযোগ দিয়েছেন। এতে তার ক্রিকেট ক্যারিয়ারে বড় প্রভাব পড়েছে।

দলের জয়কে ব্যক্তিগত অর্জনের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে মুশফিক বলেন, বাংলাদেশের জন্য তার অবদান সমুদ্রে কয়েক ফোঁটা পানির মতো; দেশের জয়ই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। শততম টেস্টে দলের জন্য অবদান রাখতে পেরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সেঞ্চুরির মাধ্যমে মুশফিক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ শতকের তালিকায় মোমিনুল হকের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন (১৩টি সেঞ্চুরি)। আগের দিন ৯৯ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় দিনের সকালে জর্ডান নেইলের বলে লেগ সাইডে ঠেলে কাঙ্ক্ষিত রান তুলে নেন তিনি। ১৪৮ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তার আগে মাত্র দশজন ব্যাটার শততম টেস্টে সেঞ্চুরি করতে পেরেছেন—তালিকায় আছেন কলিন কাউন্ড্রে, জাভেদ মিয়াঁদাদ, গর্ডন গ্রিনিজ, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ ও জো রুটদের মতো কিংবদন্তিরা।

মিরপুরে ম্যাচের প্রথম দিন থেকেই মুশফিককে ঘিরে ছিল আলাদা প্রস্তুতি ও আয়োজন। দ্বিতীয় দিনেও স্বাভাবিকভাবেই ছিল সর্বাধিক নজর তার ওপর। টেস্ট ক্যারিয়ারের ১৩তম শতকটি তিনি করেছেন ১৯৫ বলে, যা নিঃসন্দেহে তার ক্যারিয়ারের অন্যতম তাৎপর্যপূর্ণ ইনিংস।

শততম টেস্টে সেঞ্চুরি করে বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বলভাবে লিখে রাখলেন মুশফিকুর রহিম।