বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

এলডিসি উত্তরণ ৩ বছর পেছানোর অনুরোধ ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের এলডিসি উত্তরণ তিন বছর পিছিয়ে দিতে অনুরোধ জানিয়েছেন দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ী নেতারা। সফররত জাতিসংঘের মিশনকে এ অনুরোধ করেছেন তাঁরা।

এসময় ব্যবসায়ী নেতারা স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়ায় বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য স্থিতিশীল ও সহযোগিতামূলক নীতি সহায়তা চেয়েছেন। খাতটির প্রতিনিধিরা বলেছেন, উৎপাদন ব্যয় বৃদ্ধি, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও নীতি অনিশ্চয়তা মোকাবেলায় দ্রুত সংস্কার প্রয়োজন, না হলে টেকসই প্রবৃদ্ধি হুমকির মুখে পড়বে।

সোমবার রাজধানীর গুলশানে ইউএন হাউজে জাতিসংঘের ইউএন-ওএইচআরএলএলএস মিশনের সঙ্গে অনুষ্ঠিত এক কৌশলগত পরামর্শ সভায় এই মতামত দেন পোশাক খাতের নেতারা। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর সভাপতি মাহমুদ হাসান খান।

সভায় আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, বিটিএমএ পরিচালক ও বিটিটিএলএমইএ চেয়ারম্যান হোসেন মেহমুদ, বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদ, সাবেক পরিচালক শরীফ জহির এবং এফটিএ ও পিটিএ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব।

বিজিএমইএ সভাপতি বলেন, “বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। উৎপাদন ব্যয় বৃদ্ধি ও অবকাঠামোগত সীমাবদ্ধতার দ্বৈত সংকটে খাতটির প্রতিযোগিতা সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

তিনি জানান, ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে গ্যাসের দাম বেড়েছে ২৮৬ শতাংশ, আর ২০২৫ সালের এপ্রিলে ক্যাপটিভ পাওয়ারে ৪০ শতাংশ এবং শিল্প ব্যবহারে ৩৩.৩৩ শতাংশ দাম বাড়ায় উৎপাদন ব্যয় আরও বেড়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরে শুল্ক ৪১ শতাংশ বৃদ্ধি এবং সড়কপথে অতিরিক্ত সময় লাগার কারণে রপ্তানি প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া ২০২৩ সালে ৫৬ শতাংশ ন্যূনতম মজুরি বৃদ্ধি ও ২০২৪ সালে বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ থেকে ৯ শতাংশে উন্নীত করা, এবং নগদ সহায়তা ৬০ শতাংশ কমিয়ে বিকল্প সহায়তা না দেওয়া—এসব কারণে খাতটি আর্থিকভাবে নাজুক অবস্থায় পড়েছে বলে জানান বিজিএমইএ সভাপতি।

তিনি দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে আসা, মূল্যস্ফীতি ৮ শতাংশের ওপরে থাকা, কর আদায় জিডিপির মাত্র ৬.৬ শতাংশ, এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭.৫ বিলিয়ন ডলারে নেমে আসার বিষয়গুলোকে সামষ্টিক অর্থনীতির দুর্বল দিক হিসেবে চিহ্নিত করেন।

মাহমুদ হাসান খান আরও বলেন, রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক বাণিজ্যের অনিশ্চয়তা এবং জাতীয় নির্বাচনের আগে ক্রেতাদের অর্ডার কমে যাওয়া বাংলাদেশের রপ্তানি খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি সতর্ক করে বলেন, “আমদানিনির্ভর কাঁচামালের ওপর অতিরিক্ত নির্ভরতা এবং পণ্যের বৈচিত্র্যহীনতা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে।”

সভায় রপ্তানিকারকরা সরকার ও উন্নয়ন অংশীদারদের উদ্দেশে একটি স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি অগ্রাধিকারমূলক সুপারিশমালা উপস্থাপন করেন, যাতে এলডিসি-উত্তর সময়ে একটি স্থিতিশীল ও সমন্বিত নীতি পরিবেশ নিশ্চিত করা যায়।