বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

চড়াই–উতরাই পেরিয়ে টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্ণ করল বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, এ সময়কালে টেস্টে বাংলাদেশ খুব বেশি সফল নয়—এই সময়ে ১৫৪টি টেস্ট খেলে জিতেছে মাত্র ২৩টিতে, হার ১১২টি; ইনিংস ব্যবধানে জয় ৩টি হলেও ইনিংসে হেরেছে ৪৭ ম্যাচে।

বাংলাদেশের টেস্টে সবচেয়ে বড় জয় ও সবচেয়ে বড় হার—দুটিই এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

অভিষেক টেস্ট ছিল ২০০০ সালের ১০ নভেম্বর, ভারতের বিপক্ষে। সেই ম্যাচে প্রথম ইনিংসে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ—আমিনুল ইসলাম বুলবুলের ১৪৫ রানের সেঞ্চুরিতে দল তোলে ৪০০; দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ রান হাবিবুল বাশার সুমনের। তবে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়ে ৬৩ রানের লক্ষ্য দিয়ে ৯ উইকেটে হারতে হয় অভিষেকেই।

দলীয় সর্বোচ্চ সংগ্রহ শ্রীলঙ্কার বিপক্ষে: ২০১৩ সালে গলে ৬৩৮—টেস্টে বাংলাদেশের একমাত্র ৬০০–প্লাস স্কোর। সর্বনিম্ন ৪৩, ২০১৮ সালে ক্যারিবীয় সফরে; এখন পর্যন্ত ১৩ বার ১০০–র নিচে অলআউট হয়েছে দল।

ব্যক্তিগত রেকর্ডে এগিয়ে আছেন মুশফিকুর রহিম। দেশের হয়ে সবচেয়ে বেশি ৯৮টি টেস্ট খেলেছেন তিনি; আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্টে খেললে প্রথম বাংলাদেশি হিসেবে ‘শততম টেস্ট’ স্পর্শ করবেন। দলের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি (৩৪) টেস্টেও মুশফিকই শীর্ষে—তার নেতৃত্বে জিতেছে ৭ ম্যাচ। ব্যাটে বাংলাদেশের সর্বোচ্চ রানও তার—গড়ে ৩৮.১২, ১২ সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে ৬,৩২৮। টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসও মুশফিকের—২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯।

বোলিংয়ে সর্বোচ্চ উইকেট সাকিব আল হাসানের—৭১ টেস্টে ২৪৬। দ্বিতীয় সর্বোচ্চ তাইজুল ইসলাম; মিরপুরে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার ৮/৩৯ দেশের সেরা ইনিংস বোলিং। ম্যাচে ১০ বা ততোধিক উইকেট নেওয়ার কীর্তিতে সবচেয়ে এগিয়ে মেহেদি হাসান মিরাজ—বাংলাদেশের হয়ে তিনবার।

উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ১১৪টি ডিসমিসাল লিটন দাসের (৫০ টেস্ট)। ক্যাচে শীর্ষে মোমিনুল হক—৪২টি। জুটিতে বাংলাদেশের সেরা ৩৫৯—২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেটে মুশফিক–সাকিব।