‘দ্য মাপেট শো’-এর জনপ্রিয় চরিত্র মিস পিগিকে ঘিরে প্রথম একক চলচ্চিত্র প্রযোজনা করছেন হলিউড তারকা জেনিফার লরেন্স ও এমা স্টোন। ডিজনির ব্যানারে নির্মিতব্য এ ছবির চিত্রনাট্য লিখছেন ব্রডওয়েতে সাড়া তোলা ‘ওহ, মেরি!’–র টনি–জয়ী নির্মাতা কোল এসকোলা। সম্প্রতি একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
লরেন্স–স্টোনকে পর্দায়ও দেখা যেতে পারে—এমন ইঙ্গিত মিলেছে প্রযোজকের পক্ষ থেকে।
লরেন্স বলেন, “কভিড লকডাউনের সময় এক বন্ধুর আইডিয়া থেকেই ভাবনাটা আসে। এখনো মিস পিগিকে কেন্দ্র করে আলাদা কোনো ছবি হয়নি—আমরা সেই শূন্যতাই পূরণ করতে চাই।”
নারীবাদের প্রতীক হিসেবে মিস পিগির গ্রহণযোগ্যতা নতুন নয়। ২০১৫ সালে ব্রুকলিন মিউজিয়ামের ফেমিনিস্ট আর্ট সেন্টার চরিত্রটিকে সম্মাননা দেয়। তখন টাইম ম্যাগাজিনে ‘আমি কেন নারীবাদী’ শিরোনামে একটি লেখা প্রকাশিত হয়। সাম্প্রতিক বিশ্লেষণগুলোতেও তাকে ‘ফেমিনিস্ট আইকন’ বলা হচ্ছে।
এ মুহূর্তে কাস্টিং, কাহিনি ও মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি। তবে আন্তর্জাতিক বিনোদনমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসকোলার চিত্রনাট্যে ‘মাপেটস’ জগতের এই আইকনিক চরিত্রকে আধুনিক প্রেক্ষাপটে নতুন ব্যাখ্যায় দেখা যাবে। ‘মিস পিগি’কে নিয়ে এটি প্রথম একক ছবি। ডিজনি যুক্ত থাকায় ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।




