ভালো গল্প ও চরিত্র পেলে ইউটিউব, ওটিটি কিংবা বড় পর্দা—যে কোনো প্ল্যাটফর্মেই কাজ করতে প্রস্তুত মডেল ও অভিনেত্রী পারসা ইভানা। জানান, মাধ্যম নয়—অভিনয়কেই প্রাধান্য দেন তিনি।
আমেরিকা থেকে সম্প্রতি দেশে ফিরেছেন পারসা। মুখোমুখি হয়েছেন গণমাধ্যমের। নিউ ইয়র্কের ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’-তে অভিনয়ের একটি স্বল্পমেয়াদি কোর্স এবং ‘স্টেপস অন ব্রডওয়ে’-তে নাচের কোর্স শেষে কিছু স্টেজ পারফরম্যান্সে অংশ নেন তিনি। তাঁর ভাষায়, “শেখার শেষ নেই। ঘুরতে গিয়েই ভাবলাম সময়টা শেখাতেও লাগাই—এই শিক্ষায় ভেতর থেকে সমৃদ্ধ হয়েছি।”
অভিনয়চর্চায় শৃঙ্খলা, ম্যানার, এক্সপ্রেশন ও ইমোশন—এই জায়গাগুলোতে নতুন শেখা যোগ হয়েছে উল্লেখ করে পারসা বলেন, শিক্ষকের একটি পরামর্শ তাঁকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে—“নিজের মতো হও, যা অনুভব কর সেটাই নিজের মতো করে প্রকাশ কর।”
দেশে ফিরে কিছুটা বিশ্রাম নেওয়ার পর তিনি কয়েকটি ফটোশুট করেছেন। তবে বড় কোনো প্রজেক্ট হাতে নেই এখনো। “কয়েকটি প্রস্তাব নিয়ে কথা চলছে। ভালো কিছু হলে শিগগিরই জানাব। চাই, এমন কাজ দিয়ে ফিরতে যা হবে নতুন এক সূচনা,” বলেন তিনি।
জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেল পয়েন্ট’-এর চতুর্থ সিজনে থাকা পারসা পঞ্চম সিজনে নেই। চরিত্রটি আগের মৌসুমে দেশের বাইরে চলে যাওয়ার জায়গায় শেষ হওয়ায়, পরিচালক চাইলে ভবিষ্যতে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। যদিও সিরিজে তাঁর চরিত্রের উল্লেখ ও ছবি দেখানো হচ্ছে, যা ‘ভালোলাগার বিষয়’ বলেই জানান পারসা।
সিনেমায় কাজ করার প্রস্তুতি নিচ্ছেন কিনা—এমন প্রশ্নে পারসার সরল জবাব, “অনেকে করছে বলে আমাকেও করতে হবে—এমন নয়। আবার করব না, তাও নয়। পরিচালকরা যদি কোনো গল্পে আমাকে উপযুক্ত মনে করেন, অবশ্যই করব। আমার কাছে গুরুত্বপূর্ণ ‘অভিনয়’, মাধ্যম নয়।”
বর্তমানে তিনি সঠিক প্রজেক্টের অপেক্ষায় আছেন। ‘ব্যাটে–বলে’ মিলে গেলে সিনেমাতেও দেখা যেতে পারে উল্লেখ করে পারসা ইভানা বলেন, সেরকম কিছু হলে সবাইকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।




