পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জাল ঢাকায় পারফর্ম করতে আসছে। ‘সাউন্ড অব সোল’ শিরোনামের কনসার্টটি আয়োজন করছে স্টেইজ কো। আয়োজকরা জানিয়েছেন, ২৮ নভেম্বর রাজধানীর ৩০০ ফিট সংলগ্ন ‘স্বদেশ অ্যারেনা’ প্রাঙ্গণে হবে অনুষ্ঠানটি। জালের সঙ্গে মঞ্চে উঠবে দেশের ব্যান্ড ওয়ারফেজ ও লেভেল ফাইভ।
টিকিট ইতিমধ্যে ‘গেট সেট রক’ ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে বলে আয়োজকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত বছর ২৮ সেপ্টেম্বর ‘লেজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টে ঢাকায় পারফর্ম করেছিল জাল। প্রথমে পূর্বাচলে আয়োজিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তা জটিলতায় ভেন্যু বদলে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে কনসার্ট হয়; ভিড় ও বিশৃঙ্খলার কারণে সেনা সদস্যদের হস্তক্ষেপে অনুষ্ঠানটি দ্রুত সমাপ্ত করতে হয়।
২০০২ সালে লাহোরে রক ব্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করে জাল। তাদের প্রথম অ্যালবাম ‘আদাত’ প্রকাশিত হয় ২৭ সেপ্টেম্বর ২০০৪—‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যায়’ গানগুলো জনপ্রিয়তা পায়। সাম্প্রতিক সময়ে কোক স্টুডিও পাকিস্তান ও পেপসি ব্যাটল অব দ্য ব্যান্ডস-এ অংশ নিয়ে নতুন করে প্রশংসা কুড়িয়েছে তারা। বর্তমান লাইনআপে রয়েছেন গওহর মুমতায, আমির আজহার ও সালমান অ্যালবার্ট। ব্যান্ডটি ২০১০ সালে প্রথম ঢাকায় আসে।




