দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। রায়হান খানের পরিচালনায় ‘ট্রাইব্যুনাল’ ছবিতে অভিনয় করছেন তিনি। ছবিটি কোর্টরুম ড্রামা ও ক্রাইম থ্রিলারের সংমিশ্রণে নির্মিত হচ্ছে।
২০১৫ সালে আকরাম খানের ‘ঘাসফুল’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তানিয়ার। এরপর কয়েকটি সিনেমায় অভিনয় করলেও দর্শকপ্রিয়তা তিনি পান মূলত নাটকে। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘গোয়েন্দাগিরি’ (২০১৯)। বিরতির পর আবারও নতুন ছবির শুটিংয়ে ফিরেছেন তিনি।
‘ট্রাইব্যুনাল’-এ তানিয়া বৃষ্টির সঙ্গে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান ও মিলন ভট্টাচার্য প্রমুখ। এ মাসের শুরুতে চট্টগ্রামে ছবিটির শুটিং শুরু হয়েছে, চলবে আরও কিছুদিন। নির্মাতা রায়হান খান সম্প্রতি শুটিংয়ের একটি ছবি শেয়ার করে সিনেমার অগ্রগতির খবর জানান; স্থিরচিত্রে দেখা যায়, একটি টানেলে মিলন ভট্টাচার্যের সঙ্গে গুরুতর এক প্রসঙ্গে আলাপে মগ্ন আদর আজাদ।
পরিচালকের ভাষ্য, সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবির গল্প ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনে লুকানো রাজনীতি নিয়ে প্রশ্ন তুলবে। চলতি বছরের মধ্যেই কাজ শেষ করে আগামী বছরের শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে ‘ট্রাইব্যুনাল’-এর।




