বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

লন্ডনে নারী ক্ষমতায়ন, ফ্যাশন ও ব্যবসার সম্মিলিত উৎসব ২ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নারী উদ্যোক্তা, ফ্যাশন আইকন ও তারকাদের অংশগ্রহণে লন্ডনে শুরু হচ্ছে আন্তর্জাতিক আয়োজন ‘এটিভি ইউএসএ স্টার আইকনিক ফ্যাশন অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস—লন্ডন উইমেন এমপাওয়ার সামিট ২০২৫। ‘গ্লোউইমেন’ ও পিয়াল হোসেন এন্টারটেইনমেন্ট–এর যৌথ উদ্যোগে মেফেয়ার ভেন্যুতে দিনব্যাপী এই উৎসব ২ নভেম্বর দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। টাইটেল স্পন্সর এটিভি ইউএসএ।

আয়োজকদের ভাষ্য, অনুষ্ঠানটি শুধু গ্ল্যামার নয়—নারীর নেতৃত্ব, অর্থনৈতিক স্বাধীনতা ও ক্ষমতায়নের প্রতীক। কর্মসূচিতে রয়েছে রেড কার্পেট, আন্তর্জাতিক মানের র‌্যাম্প শো, লাইভ মিউজিক এবং নারী উদ্যোক্তাদের বিশেষ সম্মাননা প্রদান।

অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তারকা–অতিথিরা—ঋতুপর্ণা সেনগুপ্ত, অপু বিশ্বাস, পূজা চেরি, নীরব হোসেন, রিজিয়া পারভীন, বাঁধন সরকার পূজা, আরজিন কামালসহ অনেকে। বিশেষ অতিথি হিসেবে থাকছেন নিউ ইয়র্কের সফল উদ্যোক্তা দম্পতি, আশা গ্রুপ অব কোম্পানিজ–এর কর্ণধার আকাশ রহমান ও এশা রহমান।

জনপ্রিয় অভিনয়শিল্পী, ফ্যাশন আইকন ছাড়াও প্রবাসী সফল উদ্যোক্তারা অংশ নিচ্ছেন ইভেন্টটিতে।

ফ্যাশন, বিনোদন ও উদ্যোগ—তিন ধারার সমন্বয়ে সাজানো এ আয়োজনকে আয়োজকরা বছরের সেরা ‘গ্ল্যামারাস ফ্যাশন অ্যান্ড বিজনেস ইভেন্ট’ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, লন্ডনের ইভেন্ট ক্যালেন্ডারে এটি এখন অন্যতম আকর্ষণীয় আসর।